‘যতক্ষণ অবৈধ বলবেন ততক্ষণ আলোচনা নয়’
সরকারের বৈধতা স্বীকার না করলে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
শনিবার দুপুরে রাজবাড়ীতে এক সমাবেশে বিএনপির উদ্দেশে তিনি বলেন, "এ সরকার সাংবিধানিক পদ্ধতিতেই প্রতিষ্ঠিত হয়েছে। যতক্ষণ আমাদের অবৈধ বলবেন ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হতে পারে না।"
জেলার গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বরে দৌলতদিয়া ফেরিঘাটের রোড ভেহিকেল ডিজিটাল ওয়েব্রিজ স্কেলের উদ্ধোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপি নেত্রীকে সরকারের বৈধতা স্বীকার করে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "একদিকে বলবেন আলোচনা করার কথা, অন্যদিকে বলবেন অবৈধ সরকার। অবৈধ সরকারের সঙ্গে তো কোনো বৈধ আলোচনা হতে পারে না।"
দেশ বিদেশে সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিএনপির দাবিকে মিথ্যা অপপ্রচার উল্লেখ করে তিনি বলেন, “আমাদের প্রতি বিদেশিদের আস্থা আছে বলেই এই সরকারকে তারা অভিনন্দন জানাচ্ছে।”
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. রেজাউল হক এবং জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুকুর মাহমুদ।
৯০ লাখ টাকা ব্যয়ে স্বয়ংক্রিয় আধুনিক এই ওয়েব্রিজটি স্থাপনের ফলে সড়ক পথে অতিরিক্ত মালামাল পরিবহন বন্ধ, দুঘর্টনা রোধ, সড়ক ও ফেরি ডেমেজ রক্ষাসহ সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব হবে।
