২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে: সেলিম

জামায়াতের ইসলামীর বিষয়ে অবস্থান স্পষ্ট করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 04:46 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বিরোধী জোটবিহীন নির্বাচনের পর বাংলাদেশ কোন পথে যাচ্ছে- তার বিশ্লেষণে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

জামায়াত নিষিদ্ধের পক্ষে অবস্থান জানিয়ে সেলিম বলেন, “বিএনপি তো পরিষ্কার করেছে, জামায়াত তাদের সঙ্গে থাকবে। আওয়ামী লীগ যদি অগ্রসর না হয়, তাহলে আরো বিপদ বাড়বে। আওয়ামী লীগ কেন জামায়াতকে নিষিদ্ধ করে না?”

“একাত্তরের চেতনায় দেশটাকে সেই ধারায় ফিরিয়ে নিতে হবে। জামায়াতের কোনো স্থান সে ফ্রেমে থাকতে পারে না,” বলেন তিনি।

এর আগে বক্তব্যে দশম সংসদ নির্বাচন রাজনৈতিকভাবে সিদ্ধ হয়নি দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই অবস্থা চললে জনগণের ভোটাধিকার ফিরে আসবে না।

বিরোধী জোটবিহীন নির্বাচনের দিকে ইঙ্গিত করে আমীর খসরু বলেন, “এ নির্বাচন সাংবিধানিকভাবে সিদ্ধ, কিন্তু রাজনীতিকভাবে সিদ্ধ হয়নি। কোনোভাবেই তা জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন নয়।

“সবার অংশগ্রহণে ভোট নিশ্চিত করতে না পারলে নির্বাচনে ভোটাধিকার থাকবে না।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ভোট বর্জন করে আসা বিএনপির এই নেতা।

সভায় বিএনপি নেতার আগে বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, “একটি নির্বাচন হয় ৫ বছরের জন্য। সরকার ৫ বছর থাকার চেষ্টা করে।

“আমরা কখনো বলিনি, সংলাপের প্রয়োজন নেই। অবশ্যই একাদশ সংসদ নির্বাচন হবে, এ জন্য আলোচনা হবেই।”

দশম সংসদ নির্বাচনে সব দলকে আনতে আওয়ামী লীগের চেষ্টা ছিল জানিয়ে তোফায়েল বলেন, “দুর্ভাগ্য সেটা হয়নি, তবে আমরা চেষ্টার ত্রুটি করিনি।”

বিএনপির নির্বাচনে অংশ না নেয়ায় সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি এবার অংশ নিল না, আগামীবার আওয়ামী লীগ যদি অংশ না নেয় , তখন কী হবে? এটা কি চলতে থাকবে?

“বিএনপি একটি প্রস্তাব মেনে নিয়ে আরেকটি প্রস্তাব দেয়নি। এতগুলো দায়িত্ব তো আওয়ামী লীগ নিতে পারে না। কাল যদি সংলাপ হয়-তখনো প্রথম আসবে- ‘সংসদ ভাঙতে হবে...শেখ হাসিনাকে মানি না...আরো কত কী’ এটা বাস্তবসম্মত নয়।”

নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে দেশের অগ্রগতি নিয়ে কাজ করবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এই অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী, নারীনেত্রীরা এক হন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি  মির্জ্জা আজিজুল ইসলাম, শিক্ষক-কলামনিস্ট সলিমুল্লাহ খান, সাবেক কূটনীতিক নাসিম ফেরদৌস এই আলোচনায় ছিলেন।

নারীনেত্রী মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম, নিজেরা করি’র প্রধান খুশি কবিরও যোগ দেন এই আলোচনায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আলোচনায় সাংবাদিক আমানুল্লাহ কবীর, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুও অংশ নেন।