২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ দূরে ঠেলছে মন্ত্রীরা: বিএনপি

মন্ত্রীদের ‘উস্কানিমূলক’ বক্তব্যে রাজনৈতিক সমঝোতার পথ বন্ধ হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 12:55 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

দশম সংসদ নির্বাচনহয়ে যাওয়ার পর সংলাপের দাবি জানিয়ে আসা বিএনপির এক সংবাদ সম্মেলনে শনিবার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন।

তিনি বলেন, “সরকার ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে বিভেদ ও ঝগড়া করতে চায়। বিএনপির বিরুদ্ধে সরকারের মন্ত্রীরা এমন সব বক্তব্য দিচ্ছেন, এমন উস্কানিমূলক বক্তব্য রাখছেন, যা সংলাপ ও সমঝোতার পথ রুদ্ধ করছে বলে আমরা মনে করি।”

বিরোধী জোটবিহীন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর মন্ত্রীদের অনেকেই বলছেন,  বিএনপিকে সমঝোতা চাইলে এই সরকারকে মেনে নিয়ে তবেই আসতে হবে।

অন্যদিকে বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনকে অবৈধ আখ্যায়িত করে সংলাপের মধ্যদিয়ে নতুন করে নির্বাচনের পথ প্রশস্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

বিরোধী দলের ওপর হামলা, মামলা, নির্যাতন বন্ধ করতে সরকারকে আহ্বান জানান আসাদুজ্জামান, গত কিছুদিন ধরে দলের বক্তব্য নিয়ে যিনি সংবাদ সম্মেলনে আসছেন।

“১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছিল। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এই সরকার আবারো ভিন্ন লেবাসে নব্য বাকশাল প্রতিষ্ঠা করছে।”

“তারা ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন কায়েম করেছে। তাদের উদ্দেশ্য, দেশে রাজনৈতিক দল থাকবে, কিন্তু কোনো কথা বলতে দেয়া হবে না।”

“সরকার এমন সাপ চায়, যে সাপ ফোঁসফাঁস করবে না। এমন বিরোধী দল তারা চায়, যারা বিরোধিতা করবে না, নিজেদের নিয়ন্ত্রণে থাকবে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বক্তব্যের নিন্দা জানিয়ে আসাদুজ্জামান বলেন,“তিনি একজন সিনিয়র রাজনীতিক। তাকে বলব, শালীনতার সীমা লঙ্ঘন করবেন না। এমন শব্দ চয়ন করবেন না, যাতে নতুন প্রজন্ম আপনাদের ঘৃণা করে।”

গণভবনে প্রধানমন্ত্রীর পিঠা উৎসবের সমালোচনা করে তিনি বলেন,“৫ শতাংশ ভোটে নির্বাচিত এই সরকার জনগণের সরকার নয় বলেই জনদৃষ্টি আড়াল করতে কৃত্রিম আবরণে একটি আচ্ছাদন  সৃষ্টির জন্য এই পিঠা উৎসব করছে।

“আমরা বলে দিতে চাই, যত পিঠা উৎসবই করুন না কেনো, বিপদ থেকে সরকার মুক্ত হতে পারবে না। তারা পার পাবে না। তাদের বলব, এখনো সময় আছে, সংলাপ করুন, সমঝোতার পথে আসুন।”

সরকারের সমালোচনায় বিএনপির নিয়মতান্ত্রিক কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসাদুজ্জামানের সঙ্গে ছিলেন সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহীন, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা, যুবদলের পল্লী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক হাজী ইউসুফ প্রমুখ।

‘হাসিনার সরকার মানা ছাড়া বিএনপির উপায় নেই’

সংলাপ উড়িয়ে দিলেন তোফায়েল

সংলাপ চাইলে উস্কানি নয়: কাদের