‘গুম’ নেতাকর্মীদের সন্ধান দাবিতে বিক্ষোভ করবে নগর বিএনপি
রাজধানীতে ‘গুম’ হওয়া নেতাকর্মীদের সন্ধান এবং নগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকাসহ আটক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দলের মহানগর কমিটি।
শুক্রবার বিকালে নয়া পল্টনে মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে মহানগর বিএনপির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মহানগর সদস্য সচিব আবদুল সালাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিক্ষোভ সমাবেশের সময়সূচি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলাপ করে পরে ঠিক করা হবে।”
ঢাকায় দলের ২২ নেতাকর্মীকে ‘গুম’ করা হয়েছে বলে দাবি করেন সালাম।
তিনি জানান, সভায় মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য প্রতিটি ওয়ার্ড কমিটিকে আরো সক্রিয় হতে বলা হয়েছে। হত্যা-গুম ও মামলা-হামলায় আক্রান্ত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
একই সঙ্গে আগামী ২৯ জানুয়ারি রাজধানীতে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি সফল করার বিষয়েও আলোচনা হয়েছে।
আবদুস সালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে যুগ্ম আহ্বায়ক সামছুল হুদা, এম এ মজিদ, সাজ্জাদ জহির, আলী আজগর মাতাব্বর, মুন্সী বজলুল বাসিত আনজু, আবদুল আলিম নকি, মহানগর নেতা আবুল আহসান ননী তালুকদার, মকবুল ইসলাম টিপু, এম এ সাহেদ মন্টু,গোলাম হোসেন, রেজাউল ইসলাম মিলন, এ্যাড. ফারুক, এম এ হান্নান, আবদুল কাদির, এ জি এম সামসুল হক সামছু , আ ন ম সাইফুল ইসলাম, এড. আক্তার, আবদুল হাকিম, হানিফ ব্যাপারী, নান্টু ও জি এস বাবুল উপস্থিত ছিলেন।
