২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাসিনার সরকার মানা ছাড়া বিএনপির উপায় নেই’

শেখ হাসিনার সরকারকে মেনে নিয়ে নির্বাচনে আসা ছাড়া বিএনপির উপায় নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 04:14 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শুক্রবার রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “শুনছি বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে। তাদের বর্তমান অবস্থান প্রমাণ করে, সংসদ নির্বাচনের ক্ষেত্রে শেখ হাসিনা গণতন্ত্রের পথে ছিলেন। তার (শেখ হাসিনা) সরকারকে মেনে না নেয়া ছাড়া তাদের (বিএনপি) কোনো উপায় নেই। এটি তাদের বিশ্বাস করতে হবে।”

আমু বলেন, বিএনপি গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে এলে এতো মানুষকে প্রাণ দিতে হতো না।

“তাদের নির্বাচনে আসার আহ্বান জানাই, তবে মানুষ হত্যার জবাবও তাদের দিতে হবে”, বলেন আমু।

এই আওয়ামী লীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে নির্বাচন প্রভাবিত করেনি, তা বিশ্ববাসী এখন জানে।

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলদেশ (আইডিইবি) মিলনায়তনে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানে বলেন, বিএনপি নেত্রী এখন ‘জামায়াতেরও আমির’ হয়ে গেছেন।

“সংবিধান সংশোধনের সময় তাদের ডাকা হলেও সাড়া দেয়নি, নির্বাচন নিয়ে আলোচনার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী ফোন দিলেও তারা ইতিবাচক আচরণ করেনি। উল্টো তারা নির্বাচন প্রতিহতের ডাক দিয়ে মানুষ, প্রকৃতি, পশুর ওপর হামলা চালিয়েছে, এটা কখনোই প্রত্যাশিত নয়।”

আইডিইবির সভাপতি একএমএ হামিদ ও সাধারণ সম্পাদক শামসুর রহমান এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।