নেতাদের জামিনে সরকারের বাধা: বিএনপি
নিম্ন আদালতের ওপর প্রভাব বিস্তার করে সরকার দলের শীর্ষ পর্যায়ের নেতাদের জামিন পেতে বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
একইসঙ্গে সংলাপ নিয়ে সরকারের কোনো কোনো মন্ত্রীর নেতিবাচক মনোভাবকে ‘অগণতান্ত্রিক’ বলে আখ্যা দিয়েছে দলটি।
বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ করা হয়।
ব্রিফিংয়ে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, “গতকাল (বুধবার) নি¤œ আদালতে দলের ৫ জন সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, খন্দকার মাহবুব হোসেন ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের জামিন না মঞ্জুর করা হয়েছে। এতে আমরা বিস্মিত হয়েছি।”
বুধবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এমকে আনোয়ার এবং যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহাবুব উদ্দিন খোকনের জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে আবেদন করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. সেলিম ।
এই চারজনের মধ্যে ফখরুল ও খোকন জামিনে মুক্ত আছেন। জামিন পেলেও আরো কয়েকটি মামলায় কারাগারে আটক আছেন মওদুদ ও এমকে আনোয়ার।
আসাদুজ্জামান বলেন, “ইতিমধ্যে একটি বিচারিক আদালতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়া মামলায় সদ্য অবসরপ্রাপ্ত চিারকের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
“এসব থেকে আমরা আশঙ্কা প্রকাশ করছি, সরকার আদালতের ওপর প্রভাব বিস্তার করে বিরোধী দলের নেতা-কর্মীর ন্যায়বিচারের পথ রুদ্ধ করছে। তারা (সরকার) আইনকে নিজের মতো করে চালাচ্ছে।”
গত ১৭ নভেম্বর ঘুষ হিসাবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা একটি মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন তারেককে বেকসুর খালাস দেন।
ওই হোসেনের অবৈধ সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরো দুজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দলের শীর্ষ পর্যায়ের নেতাদের জামিন না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, “সরকার বিচার বিভাগসহ কোনো প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে চলতে দিচ্ছে না। বিচার বিভাগকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, এতে বিরোধীদের ন্যায় বিচারপ্রাপ্তি অসম্ভব হয়ে পড়েছে। বিরোধী মত দমনে সরকার আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”
সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের করা সাম্প্রতিক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আমাদের বন্ধু রাষ্ট্র ও দেশে নাগরিকরা যখন সমঝোতা ও সংলাপের মাধ্যমে নির্বাচনের কথা বলেছেন, তখন সরকারের কোনো কোনো মন্ত্রী বলেছেন, ৫ বছর মেয়াদের আগে নির্বাচন ও সংলাপ কোনোটাই হবে না।
“সরকারের দায়িত্বশীলদের এমন মন্তব্য মুক্তিযুদ্ধ ও সাংবিধানিক চেতনার পরিপন্থি, অগণতান্ত্রিক মনোভাব। বিনাভোটে নির্বাচিত ‘ফাউ’ সংসদের সুবাদে মন্ত্রিসভার সদস্যদের এরকম বক্তব্য আস্ফালন ছাড়া আর কিছুই নয় বলে আমরা মনে করি।’’
অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংলাপের মাধ্যমে সমঝোতার পথে আসার আহ্বানও জানান তিনি।
৫ জানুয়ারির নির্বাচনের পর সংলাপের জন্য বিএনপির দাবি পর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের একাধিক নেতার সংলাপের সম্ভাবনা নিয়ে বক্তব্যের মধ্যেই বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে আগামী পাঁচ বছরের মধ্যে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দেন আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
দশম সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় পাঁচ বছরের আগে ক্ষমতা ছাড়বেন না বলেও জানিয়ে দেন।
রিপন বলেন, “সরকারের মনে রাখা উচিত তারা ভোট বর্জনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাই দেশের নাগরিক সমাজ ও বিশ্ব বিবেকের আহ্বানে সাড়া দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা উচিত। এজন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে দ্রুত তাদের সংলাপে বসতে হবে।’’
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, কৃষক দলের যুগ্মসাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা, ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক আবদুল ওহাব ও এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাসান জাফরি তুহিন।
