২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির চার ‘তদন্ত কমিটি’

নির্বাচন ঘিরে সংখ্যালঘু নির্যাতন, সহিংসতা এবং বিচারবহির্ভূত হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘন ও নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ নিজেরাই ‘তদন্ত’ করে দেখার ঘোষণা দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 03:31 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

এ জন্য চারটি তদন্ত কমিটি গঠন করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

দলের সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন,  “চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশক্রমে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন দিয়েছেন।”

তিনি জানান, ঘটনাগুলো কীভাবে ঘটেছে, কারা দোষী- তা চিহ্নিত করে এসব কমিটি সুপারিশ আকারে প্রতিবেদন দেবে।

বুধবার সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর খালেদা জিয়া এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেন।

সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা জেলার ঘটনাগুলো ‘তদন্তের’ দায়িত্ব পেয়েছে যে কমিটি, তাতে আহ্বায়ক হিসাবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া হয়েছেন সদস্য সচিব।

সদস্যরা হলেন- বঙ্গবন্ধু মেডিকেলের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক আখতার হোসেন খান, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব হারুন-অর রশীদ, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ও কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি।

নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলার ঘটনাগুলোর ‘তদন্ত’ কমিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এফ এম আবদুল হালিমকে আহবায়ক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদকে সদস্য সচিব করা হয়েছে।

সদস্যরা হলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সাবেক সহসভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।

সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ও মেহেরপুর  জেলার ঘটনাবলী তদন্তে গঠিত কমিটির আহবায়ক সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজী; সদস্য সচিব জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী।

সদস্যরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ বি এম ওবায়েদুল ইসলাম, বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর ও চট্টগ্রাম জেলায় যেসব ঘটনা ঘটেছে- তার তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ ও সদস্য সচিব দলের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের জাহাঙ্গীর আলম প্রধান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোসলেম উদ্দিন জসিম, ডক্টরস অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

গত ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা ও যশোরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের দাবি, ভোট দেয়ার কারণেই হামলার শিকার হতে হয়েছে তাদের। আর সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের পক্ষ থেকে এসব ঘটনার জন্য নির্বাচনের বিরোধিতাকারী বিএনপি-জামায়াত জোটকে দায়ী করা হচ্ছে।

অবশ্য বিএনপির দাবি, দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভোট থেকে অন্যদিকে সরিয়ে দিতে সরকারই এসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়েছে।

নির্বাচন ঘিরে গত তিন মাসে বিএনপির ১৮৭ জনকে ‘গুম’ এবং ২২৭ জনকে ‘খুন’ করা হয়েছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বুধবার এর তদন্ত দাবি করেন এবং এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা চান।