২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনেতা-হুইপ এখনো ঠিক করেনি জাপা

আগামী ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাওয়া জাতীয় পার্টি এখনো বিরোধীদলীয় উপনেতা ও প্রধান হুইপ এখনো ঠিক করেনি জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 12:30 AM

Updated : 01 Sep 2026, 12:17 PM

এইচ এম এরশাদ নেতৃত্বাধীন দলটির সংসদীয় দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার পর্যন্ত তাদের কোনো সিদ্ধান্ত হয়নি; তবে প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদ ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“এখন পর্যন্ত এ ব্যাপারে সংসদীয় দলে কোনো সিদ্ধান্ত হয়নি। ম্যাডামও (রওশন এরশাদ) আমাদের কিছু জানাননি।”

কবে নাগাদ জাতীয় পার্টি বিরোধীদলীয় উপনেতা ও প্রধান হুইপ ঠিক করবে- জানতে চাইলে তিনি বলেন,“আপনারা জানেন, আমরা চাই সংসদের ডেপুটি স্পিকার পদটি জাতীয় পার্টিকে দেয়া হোক। সরকারের কাছ থেকে এ সংক্রান্ত কোনো সাড়া আমরা এখনো পাইনি।

“আমরা ধারণা করছি , সরকারের কাছ থেকে এ সংক্রান্ত একটি ক্লিয়ারেন্স এলেই ম্যাডাম দ্রুত একটি নির্দেশনা দেবেন।”

বিএনপিবিহীন দশম সংসদে বিরোধী দলের আসনে বসার পাশাপাশি মন্ত্রিত্বও নিয়েছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য নাসিম ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“এই মুহূর্তে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের বাছাই নিয়ে ব্যস্ততা চলছে।”

২৯ জানুয়ারির আগে যে কোনো সময়ে বিরোধীদলীয় উপনেতা ও প্রধান হুইপ ঠিক করা হবে বলে জানান তিনি।

নানা নাটকীয়তার পর দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৩টি আসনে নির্বাচিত হয়ে বিরোধী দলের আসনে বসেছে জাতীয় পার্টি।