গুম-হত্যার অভিযোগ বিএনপির
বিএনপি ও শরিকদের দমনে সারাদেশে ‘ভয়াবহ গুম-হত্যা’ হচ্ছে অভিযোগ করে এর তদন্তে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছে বিএনপি।
তাদের দাবি, গত তিন মাসে ৬ বিভাগে বিএনপির ১৮৭ জন ‘গুম’ হয়েছেন। ‘খুন’ হয়েছেন ২২৭জন।
সাতক্ষীরায় যৌথ অভিযানের বিষয়ে খালেদা জিয়ার বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘মিথ্যাচার’ করেছেন বলেও অভিযোগ এনেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের পর থেকে সরকার যৌথ বাহিনীর অভিযানের নামে বিরোধী দল ও ভিন্নমতকে দমনে খুন-গুম-হত্যাসহ নজিরবিহীন প্রতিহিংসার রাজনীতির আশ্রয় নিয়েছে। সারাদেশে ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।”
এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, “সরকারকে বলব, এসব গুম-গুপ্তহত্যা-খুন ও নির্যাতন বন্ধ করুন। এসব গুম হত্যার আমরা নিরপেক্ষ তদন্ত চাই। এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর এগিয়ে আসা উচিৎ বলে আমরা মনে করি।
নির্বাচনকে ঘিরে পুলিশের কড়াকড়ির মধ্যে দুই মাস কার্যত বন্ধ থাকার পর কেন্দ্রীয় কার্যালয়ে এটিই ফখরুলের প্রথম আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন।
তিনি দাবি করেন, গত তিন মাসে ৬ বিভাগে বিএনপির ২২৭ জন ‘খুন’ হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে ১০১ জন, সিলেটে ৩ জন, রাজশাহীতে ৪০ জন, খুলনায় ৫০ জন, বরিশালে ৫ জন, ঢাকায় ১৩ জন এবং রংপুরে ১৫ জন রয়েছেন।
আর এই সময়ে ‘গুম’ হয়েছেন ১৮৭ জন নেতা-কর্মী।এছাড়া যৌথ বাহিনীর অভিযানসহ বিভিন্ন ঘটনায় ১৮ দলীয় জোটের মোট ২৯৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
ফখরুল বলেন, গত ১০ দিনেই অন্তত ১০ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে নীলফামারীর গোলাম রাব্বানী, আতিকুল্লাহ আতিক, সোহেলসহ কয়েকজন স্থানীয় নেতার নাম বলেন ফখরুল।
বিএনপির মুখপাত্র বলেন, “৫ জানুয়ারির ভোটে শতকারা ৫ ভাগ মানুষও ভোট দিতে যায়নি। এই ভোট দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা বা বৈধ্যতা পায়নি। ফলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশের মানুষ ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি সরাতে ও তাদের বিভ্রান্ত করতে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে।”
যৌথ বাহিনীর ‘অভিযানের নামে’ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ‘গুম-হত্যা ও নির্যাতন’ চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
“৫ জানুয়ারির পর দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। গণতন্ত্র এখন মৃত। গণতন্ত্রের শবযাত্রা শুরু হয়েছে বলে আমরা মনে করি।”
মির্জা ফখরুল বলেন, যশোর, গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া, নাটোর, চট্টগ্রাম, লক্ষীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় ক্ষমতাসীনদের ‘লাগমহীন সন্ত্রাসে’ আতঙ্কিত হয়ে মানুষ ঘর-বাড়ি ছাড়ছে।
“ওইসব এলাকার গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। ঝোপ-ঝাড় ও জঙ্গলে তারা পালিয়ে আছে। পাকিস্তানি বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর হানা দিয়েছিল, আজ সে অবস্থা সৃষ্টি হয়েছে।”
সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন, “নির্যাতন, খুন-গুম বন্ধ করুন। কারাগারে বন্দি নেতা-কর্মীদের মুক্তি দিন। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। ৫ জানুয়ারির নির্বাচন বাতিল করে আলাপ-আলোচনার মাধ্যমে একটি নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করুন।”
তা না হলে ইতিহাস এই সরকারকে ‘ক্ষমা করবে না’ বলেও মন্তব্য করেন ফখরুল।
বিএনপির শীর্ষ নেতা মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আবদুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার, শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ গ্রেপ্তার নেতাদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান তিনি।
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুব দলের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় অভিযান নিয়ে প্রশ্ন খালেদার
মুরব্বি ধরে কাজ হবে না: খালেদাকে আশরাফ
খালেদাকে মাফ চাইতে বললেন ইনু
