টেন্ডার বাক্স ছিনতাই, ৩ যুবলীগ নেতা বহিষ্কার
এলজিইডির একটি টেন্ডার বাক্স ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে রায়পুর উপজেলা যুবলীগের কমিটি ও রায়পুর পৌর যুবলীগের কমিটি বাতিল করে যুবলীগের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জেলা কমিটি।
বহিষ্কৃতরা হলেন উপজেলার যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন ও পৌর যুবলীগের আহ্বায়ক শামছুল ইসলাম বাবুল।
ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় এ বিজ্ঞপ্তিতে জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটওয়ারী, যুগ্ম-আহবয়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু, ও যুগ্ম-আহ্বায়ক রহমত উল্ল্যাহ বিপ্লবের স্বাক্ষর রয়েছে।
টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রায়পুর উপজেলার মধ্যে উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন র্নিমাণের জন্য পিডিপি-৩ প্রকল্পে দুটি প্যাকেজে দুই কোটি ১৫ লাখ টাকা দরপত্র আহ্বান করা হয়।
২০ জানুয়ারি পর্যন্ত আগ্রহীরা ৩৩টি ফরম কেনেন বলে জানান উপজেলা এলজিইডির এক অফিস সহকারী।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত টেন্ডার জমা দেয়ার জন্য সময় নির্ধারিত ছিল।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ভূইয়া বলেন, “সকাল ১১টার দিকে ৮-১০জন লোক এসে আমার অফিসে রক্ষিত টেন্ডার বাক্স নিয়ে যায়।
“তারা অফিসের বাইরে বাক্স নিয়ে ভাংচুর করে জামাকৃত দরপত্র নিয়ে যায়।
এ ঘটনায় সাধারণ ঠিকাদাররা চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করে।
ঘটনার পর রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেলের বিরুদ্ধে এই টেন্ডার ছিনতাইয়ের অভিযোগ করেছেন সাধারণ ঠিকাদাররা।
এশিয়া এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ইসমাইল হোসেন খোকন জানান, কামরুল ও আরিফুর দরপত্র নিয়ন্ত্রণ করতে না পেরে সকাল ১১টায় ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে টেন্ডার বাক্স ভাংচুর করে জমা দেওয়া দরপত্র ফরম নিয়ে যায়।
ঘটনা অভিযুক্ত কামরুল হাসান রাসেলের সাথে বারবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নিরাপত্তায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
এদিকে টেন্ডার কার্যক্রমে নিরাপত্তা দেয়ায় পুলিশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ উঠেছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ভূইয়া বলেন, “এ ব্যাপরে পুলিশকে চিঠি দিয়েছিলাম আমরা, কিন্তু ঘটনার সময় তাদেরকে পায়নি।
“পরে পুলিশকে ফোন করলে তারা ১ ঘণ্টা পরে আসে।”
পুলিশের গাফিলতি প্রসঙ্গে রায়পুর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, “আমাদের কাছে অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
“আর দেরিতে উপজেলা কমপ্লেক্সে পুলিশ যাওয়ার কারণে দায়িত্ব অবহেলার কারণে পুলিশের এএসআই মহসিন ও ৩ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেওয়া হবে।”
