বিএনপি-জামায়াত বিচ্ছেদ এখনই নয়: জাফর
শিগগিরই বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্কচ্ছেদের কোনো সম্ভাবনা দেখছেন না জাতীয় পার্টি(জাফর)এর চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে জাফর বলেন, “বিএনপির পক্ষে এখন জামায়াতকে বাদ দেয়া সম্ভব হবে না। তাদের সম্পর্কে শীতলতা আসতে পারে, তবে এই মুহূর্তেই বিএনপির সঙ্গে জামায়াতের বিচ্ছেদ ঘটার সম্ভাবনা কম।”
আগামী ২৫ জানুয়ারি তার নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্ধারিত বর্ধিত সভা শেষে আনুষ্ঠানিকভাবে তারা ১৮ দলীয় জোটে অন্তর্ভুক্ত হবেন বলে জানান জাফর।
জামায়াতের সঙ্গ ত্যাগ করার জন্য বিএনপির ওপর দেশি-বিদেশি চাপের প্রেক্ষাপটে জাতীয় পার্টি নেতা এ কথা বললেন।
কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, সময় এলে জামায়াতের সঙ্গ ছাড়ার বিষয়টি তিনি ভেবে দেখবেন।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীসহ সরকারি দলের একাধিক নেতা সংবাদ মাধ্যমে বলেছেন, সরকারের সঙ্গে সংলাপ চাইলে বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে।
তবে এ প্রসঙ্গে জাফরের মন্তব্য, “প্রধানমন্ত্রীর কথায় কোনো কাজ হবে বলে আমি মনে করি না। তাছাড়া প্রধানমন্ত্রীর এই শর্ত অপমানজনকও বটে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিএনপির সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
“বিএনপির সঙ্গে জামায়াতের জোটগত মিত্রতা রয়েছে। কিন্তু জামায়াতের সঙ্গে তো একসময় আওয়ামী লীগেরও মিত্রতা ছিল। ’৮৬-র নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। ’৯৬-এ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে ছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত। তখন আমরা দেখেছি, আমাদের(জাতীয় পার্টি) চেয়ে জামায়াতের সঙ্গেই আওয়ামী লীগের সখ্য বেশি ছিল।
“এখন বিএনপি জামায়াতকে বাদ দিলে আওয়ামী লীগ যে জামায়াতকে গ্রহণ করবে না তার নিশ্চয়তা কোথায়?”
নির্বাচনের আগে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধে দেশজুড়ে চলা সহিংসতায় দেশব্যাপী শতাধিক মানুষ নিহত হন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে জাফর বলেন, “দেশব্যাপী সহিংসতা হয়েছে, এটা সত্যি। কিন্তু সহিংসতাকে শুধু একপাক্ষিকভাবে দেখলে তো হবে না। ১৮ দলীয় জোটের কর্মসূচিতে কি পুলিশের গুলি চলেনি? জামায়াতের নেতা-কর্মীরা কি নিহত হয় নি? এগুলোও তো সহিংসতা।
“সহিংসতার সংজ্ঞা নিরূপিত হওয়া প্রয়োজন। সহিংসতার জন্য প্রধানত দায়ী হল রাষ্ট্র। জামায়াতের ওপর যখন গুলিবর্ষণ হয় সেটাও সহিংসতা।”
সোমবার ১৮ দলীয় জোটের সমাবেশে জোটভুক্ত সবগুলো দলের নেতা-কর্মী উপস্থিত থাকলেও জামায়াতের কোনো নেতাকে মঞ্চে দেখা যায়নি।
বিষয়টি রাজনীতিতে কোনো ইঙ্গিত বহন করে কি না জানতে চাইলে বাম থেকে ডানে সরে যাওয়া এই রাজনীতিক বলেন, “আমি তো বিএনপির নীতি নির্ধারণী জায়গাতে নেই, আমাকে অতিথি বক্তা হিসেবে ওই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি আমন্ত্রণ রক্ষা করেছি।
“তবে আমার মনে হয় গতকালের সমাবেশের মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করতে চেয়েছে যে এককভাবে তারা যথেষ্ট শক্তিশালী।”
১৮ দলীয় জোটে অন্তর্ভুক্তি সম্পর্কে জানতে চাইলে সদ্য এরশাদকে ত্যাগকারী এই নেতা বলেন, “আগামী ২৫ তারিখ আমাদের দলের বর্ধিত সভা রয়েছে। সেই সভা শেষে সন্ধ্যায় আমরা বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করব। সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিকভাবে আপনাদের সব কিছু জানানো হবে।
“বিএনপির সঙ্গে আমাদের মতাদর্শগত ঐক্য রয়েছে। আমরা উভয়ই বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী। এই বন্ধনকে আমরা স্থায়ী রূপ দিতে চাই।”
