২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে না নামলে ভোটের অধিকার ফিরবে না: বি চৌধুরী

বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলনে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারার  সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 04:49 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “৫ শতাংশ ভোটে এই সরকার গঠিত হয়েছে। ৯৫ শতাংশ জনগণের ভোটের অধিকার হরণ আজ যারা করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। নইলে দেশে ভোটের অধিকার আর ফিরে আসবে না।”

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ‘শহীদ জিয়া: গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী।

বিরোধী দলহীন দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘তামাশা’ অভিহিত করে তিনি বলেন,  “কোনো পরীক্ষায় ১০০ এর মধ্যে ৫ নম্বর পেলে তাকে অকৃতকার্য অথবা ফেল বলা হয়। ৫ তারিখ যে নির্বাচন হয়ে গেল, সেখানে সরকার মাত্র ৫ নম্বর পেয়েছে। প্রধান বিরোধী দলকে বাইরে রেখে জগাখেচুড়ি একটি সরকার গঠন করা হয়েছে। শুনেছি যে সংসদ হয়েছে তাতে বিরোধী দলও নেই। এটা একটা বিস্ময়।”

এর বিরুদ্ধে পেশাজীবীদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বদরুদ্দোজা চৌধুরী বলেন,  “তিনি ছিলেন একজন গণতন্ত্রীমনা প্রকৃত দেশপ্রেমিক  ও দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। একদলীয় শাসনে গণতন্ত্র যখন হারিয়ে গিয়েছিল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে তিনিই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন।”

সামরিক শাসক জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে  সত্যিকারের জাতীয়তাবাদী সৈনিক হওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সংগঠনের আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউটাব) সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সভাপতি আ ন ম আখতার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।