সাতকানিয়া অভিমুখে লংমার্চের ঘোষণা মহিউদ্দিনের
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের আহ্বানে জামায়াতে ইসলামীর ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত সাতকানিয়া অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
সোমাবার লালদীঘি মাঠে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় পরিষদ, চট্টগ্রাম’ এর আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি ৩০ জানুয়ারি লংমার্চের ঘোষণা দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিষদের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম জেলায় যাতে চিরতরে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ হয় সে লক্ষ্যে ৩০ জানুয়ারি সাতকানিয়া অভিমুখে লংমার্চ হবে।
ওই দিন সকাল ১০টায় লালদীঘি মাঠ থেকে লংমার্চ শুরু হবে। বাস-ট্রাক নিয়ে লংমার্চের যাত্রা শুরু করে বিকালে সাতকানিয়ায় সমাবেশ করবে।
“আপনারা খালি হাতে আসবেন, লাঠিসোঁটা লাগবে না,” বলেন চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন।
জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের সমালোচনা করে তিনি আঞ্চলিক ভাষায় বলেন, “সাতকানিয়ায় জামায়াত মার্কা একজনকে দিয়েছি। কী নাম যেন? ও নদভী (সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী)। সে নিজেই বলেছে, ‘মিনি পাকিস্তান ছিল সাতকানিয়া। স্বাধীন হয়েছে’।
“আমরা ঘুরিয়ে দিতে জানি। এটাকে (নদভীকে) ঘুরিয়ে দিয়েছি। হেফাজতকেও ঘুরিয়ে দিয়েছি।”
সাতকানিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে অভিযোগ করে মহিউদ্দিন বলেন, “সাতকানিয়ার লোকজন সব চট্টগ্রাম শহরেই ব্যবসা করে। ব্যবসা করে টাকা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা করবেন এটা হতে পারে না।
“হুঁশিয়ার করে দিচ্ছি, সাতকানিয়ায় যদি আর একটা ঘর পোড়ে, এখানে ১০টা ব্যবসা বন্ধ করে দেব।”
গত ১৭ জানুয়ারি সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা মুহুরী পাড়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় সাতটি বসতঘর।
৫ জানুয়ারি ভোটগ্রহণের দিন দুপুরে ঢেমশা বড়ুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে আগুন দেয় জামায়াত-শিবিরকর্মীরা। তাদের হামলায় তিন নির্বাচনী কর্মকর্তা ও দুই পুলিশ গুরুতর আহত হয়।
গত বছরের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিরুদ্ধে রায় ঘোষণা শুরু হলে সাতকানিয়ায় একাধিক সহিংসতার ঘটনা ঘটে। এরপর বিভিন্ন সময় অবরোধ-হরতালে জামায়াত-শিবির কর্মীরা কয়েকশ’ গাছও কেটে ফেলে।
সাতকানিয়ায় সহিংসতার প্রতি ইঙ্গিত করে মহিউদ্দিন বলেন, “গাছ কাটবে, আগুন দেবে, নারী নির্যাতন করবে-এটা অসভ্য সমাজের লক্ষণ। এসব নির্যাতনকারী যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব।
“হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না। বাঙালি যেন মাথা নত না করে। সংঘবদ্ধভাবে মাথা উঁচু করে থাকব।”
সমাবেশে পরিষদের পক্ষ থেকে ছয় দফা প্রস্তাব পাঠ করেন রনি কুমার দে। প্রস্তাবের মধ্যে রয়েছে সব সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, বিশেষ ট্রাইব্যুনালে জড়িতদের বিচার, ক্ষতিগ্রস্ত মন্দির-বাড়ি পুনর্নিমাণ ও ব্যবসায়ীদের পুনর্বাসন, সহিংসতাপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার ও ‘সংখ্যালঘু’ শব্দটি ব্যবহার না করা।
পরিষদের আহ্বায়ক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল আলম দোভাষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবং উপ-দপ্তর সম্পাদক ও পরিষদের সদস্য সচিব জহর লাল হাজারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ইন্দু নন্দন দত্ত, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ পালিত ও ১৪ দলের পক্ষে নজরুল ইসলাম আশরাফী।
বিপুল সংখ্যক নারীর উপস্থিতিতে এই সমাবেশে নগরীর বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, মঠ মন্দিরের সেবায়েতও ছিলেন।
