চট্টগ্রামে বিএনপির সমাবেশে জামায়াতও ছিল
ঢাকায় কেন্দ্রীয় সমবেশে না থাকলেও চট্টগ্রামে বিএনপির সমাবেশে ছিল জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরাও।
সোমবার বিকালে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে এ সমাবেশের মঞ্চে জামায়াতের তিন নেতা ছিলেন, তারা বক্তব্যও দিয়েছেন।
এরা হলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি আ জ ম ওবায়দুল্লাহ ও নুরুল আমিন এবং প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ।
সমাবেশে জামায়াত-শিবিরের কয়েকশ’ নেতা-কর্মী অংশ নেন। তবে ১৮ দলের অন্য দলগুলোর কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
৫ জানুয়ারির নির্বাচন ‘বর্জনের’ জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার সমাবেশে জামায়াতের উপস্থিতি ছিল না।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সমাবেশে বক্তব্যে নোমান আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “শেখ মুজিব চতুর্থ সংশোধনী করে গণতন্ত্রকে হরণ করেছিল। শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবার ক্ষমতা দখল করেছে। এ সরকার বাকশাল নয়, বাকশালের বাপ।”
৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে জনগণ ভোট দেয়নি দাবি করে তিনি বলেন, ওই নির্বাচনে গঠিত এই সরকার অবৈধ সরকার।
সভা-সমাবেশে বিধি-নিষেধের সমালাচনা করে নোমান বলেন, “লালদীঘি, কাজীর দেউরীতে আমাদের সমাবেশ করতে দেয়া হয় না। কিন্তু মহিউদ্দিন চৌধুরী যখন তখন যেখানে সেখানে করতে পারে।”
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রোজী কবীর, সদস্য আনোয়ার হোসেন, মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার, জাসাস নেতা কাজী আকবর, সাবেক ছাত্রদলনেতা আহমেদুল আলম চৌধুরী রাসেলসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
