২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের অধিকার ফিরিয়ে আনার শপথ বিএনপির

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়ে ‘গণতন্ত্র অবমুক্ত ও ভোটের অধিকার’ ফিরিয়ে আনার শপথ নিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 01:55 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার জগদ্দল পাথরের মতো স্বৈরতন্ত্র চাপিয়ে দিয়েছে। গণতন্ত্র অবমুক্ত ও ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামের শপথ আমরা নিয়েছি।”

এই সংগ্রামে জনগণের বিজয় হবে- এমন প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, এই সংগ্রামে স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো সম্ভব হবে।”

পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

জিয়ার জন্মদিন উপলক্ষে দলের কয়েক হাজার নেতা-কর্মী সকালে শেরেবাংলা নগরে সমবেত হন। ‘লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়’, ‘এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’ ইত্যাদি নানা শ্লোগানে তারা কবর প্রাঙ্গণকে মুখরিত করে তোলেন।

গত ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের জনসমাবেশে বক্তব্য দেয়ার পর এই প্রথম নেতা-কর্মীদের নিয়ে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন খালেদা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ড. ওসমান ফারুক, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুক, আসাদুজ্জামান রিপন, গাজী মাজহারুল আনোয়ার, মাসুদ আহমেদ তালুকদার, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, হাবিবুবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া অঙ্গসংগঠনের হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, আ ন হ আখতার হোসেন, এম এ মালেক, মুনির খান, হাফেজ আবদুল মালেকসহ সম্মিলিতি পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজীর নেতৃত্বে পেশাজীবীরা জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করেন।

এই নেতাদের অধিকাংশ ৫ জানুয়ারি ভোট বর্জনের আন্দোলনে সরকারের নানা মামলায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, উলামা দল, ড্যাব, এ্যাব, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকেও জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করা হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে কবর প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি পালন করে ড্যাব ও জিয়া সাংস্কৃতিক সংগঠন।