সরকার গণতন্ত্র হত্যা করেছে: বি. চৌধুরী
জনগণের ভোটের অধিকার হরণ করে সরকার গণতন্ত্রকে ‘গলা টিপে হত্যা’ করেছে বলে অভিযোগ করেছেন বিকল্পধারা সভাপতি অধ্যাপক এ কি এম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “যে নির্বাচনটি হয়ে গেছে, সেখানে শতকরা ৫ ভাগের বেশি মানুষ ভোট দিতে যায়নি। এটি একটি লজ্জাকর নির্বাচন হয়ে গেছে, যা জনগণের কাছে গ্রহনযোগ্য নয়। বাংলাদেশে এভাবেই আজ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে।”
“এখন আমাদের একটি দাবি- ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এটাই হবে আমাদের আন্দোলন।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়া: গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে দলের প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরী বলেন, “১৯৭৫ সালের বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একদলীয় এক ভয়ংকর শাসন প্রতিষ্ঠা হয়েছিলো। জিয়া সেই অবস্থা থেকে প্রথম সুযোগে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।”
জিয়ার আর্দশ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজ বাংলাদেশ নেতৃত্বহীন হয়ে পড়েছে। গণতন্ত্রহীন এই সময়ে জিয়ার মতো মানুষের প্রয়োজন এখন সময়ের দাবি। জিয়ার মন্ত্রে দীক্ষা নিতে পারলে বর্তমান পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাবো বলে আমি বিশ্বাস করি।”
সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে আজিজূল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ইউনিভারসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (ইউটাব) সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, ড্যাব মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ ড্যাব নেতারা বক্তব্য দেন।
