কার্যালয়ে গেলেন ফখরুল, প্রতিবাদ ‘দমন নীতির’
অবরুদ্ধ থাকার কারণে এড়িয়ে চলা নয়া পল্টনের দলীয় কার্যালয়ে আড়াই মাস পর গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুলকে গ্রেপ্তার-হয়রানি নয়
গ্রেপ্তার বা হয়রানি না করতে হাই কোর্টের নির্দেশ আসার পর বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে গিয়ে তিনি সরকারের ‘দমন নীতির’ প্রতিবাদ জানিয়ে বলেছেন, এটা গণতন্ত্রের জন্য ‘অশনি সঙ্কেত’।
দশম সংসদ নির্বাচনের আগে সর্বশেষ ১ নভেম্বর নয়া পল্টনের কার্যালয়ে গিয়েছিলেন ফখরুল। হরতাল-অবরোধ ডাকার পর ওই কার্যালয়ের বাইরে পুলিশি বেষ্টনির মধ্যে অবস্থান করছিলেন যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
গত ৩০ নভেম্বর সেখান থেকে রিজভী গ্রেপ্তার হওয়ার পর থেকে কার্যত নেতা-কর্মীশূন্য ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এরমধ্যে ভোটের আগে পুলিশ পাহারা বসে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ও তার গুলশানের কার্যালয়েও।
বিএনপির বর্জনের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার পর পুলিশি অবস্থান শিথিল হয়ে আসে। এরপর গত মঙ্গলবার ঈদে মিলাদুন্নবীর দিন নয়া পল্টনের কার্যালয়ের নিচ তলায় একটি মিলাদ মাহফিল হয়। এর দুদিন বাদেই উপস্থিত হন ভারপ্রাপ্ত মহাসচিব।
দুপুর দেড়টার দিকে ফখরুল নয়া পল্টনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন।
একে একে নেতা-কর্মীদের ভিড়ও বাড়তে থাকে। কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, এম এ মালেক, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রফিক শিকদার, খোন্দকার আবদুল হামিদ ডাবলু, দেলোয়ারা বেগম পান্নাসহ শতাধিক নেতা-কর্মী কার্যালয়ে যান।
ভবনের তৃতীয় তলায় ফখলরুল তার কার্যালয়ে বসেন। প্রায় ২৫ মিনিট থাকার পর বাড়ির পথে রওনা হন তিনি।
ফখরুল নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “৪৭ দিন আমাদের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছিল। যৌথবাহিনীর অভিযানের নামে এখনো সারাদেশে নেতা-কর্মীদের হত্যা-গুম করা হচ্ছে।
“মামলা দিয়ে হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। গোটা দেশকে সরকার কারাগারে পরিণত করেছে। এসব কার্যক্রম গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে আমরা মনে করি।”
“আমি জামিন নিয়েছি। কয়দিন কার্যালয়ে আসতে পারব, জানি না।”
৫ জানুয়ারির ভোট বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। সরকার বলছে, বিএনপি যদি জামায়াতে ইসলামীর সঙ্গ এবং ধ্বংসাত্মক কর্মসূচি ছাড়ে, তবে সংলাপে সমঝোতা হলে মধ্যবর্তী নির্বাচন দেয়া হবে।
ফখরুল বলেন, “৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে গঠিত সরকার বৈধ কোনো সরকার নয়। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। ওই নির্বাচনে মাত্র শতকরা ৫ ভাগ ভোট পড়েছিল।”
আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ‘পুনরুদ্ধার’ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
“তারা (সরকার) বিরোধী দল নির্মূলে নেমেছে। আমরা বিশ্বাস করি, দেশের মানুষ এই স্বৈরতান্ত্রিক শাসন মেনে নেবে না। এর অবসান ঘটবেই।”
খালেদা জিয়া বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চান তারা। এজন্য সরকারের উদ্যোগ প্রত্যাশা করেছেন তিনি।
ফখরুল বলেন, “তথাকথিত নির্বাচনে একটি তথাকথিত সরকার হয়েছে। তারাই বলতে পারবে সংলাপের বিষয়টি। কারণ আমাদের নেত্রী গতকাল সংবাদ সম্মেলনে সমঝোতা ও সংলাপের আহবান জানিয়েছেন।”
নতুন মন্ত্রিসভা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,“শতকরা ৫ ভাগ ভোটের এই নির্বাচনে কী ধরনের নাটক হয়েছে, তা গণমাধ্যমের কর্মীরা ভালোভাবে জানেন। এরকম অবস্থায় কে মন্ত্রী হল, কে হল না, তা নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই।”
দশম সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সদস্যদের মন্ত্রিসভায় যোগ দেয়াও গণতন্ত্রের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন সাবেক প্রতিমন্ত্রী ফখরুল।
“সব মিলে মনে হচ্ছে, আমরা ‘উদ্ভট উঠের পিঠে চড়েছে স্বদেশ’ এর মতো অবস্থার মধ্যে আছি।”
দলের শীর্ষস্থানীয় নেতা মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুল আউয়াল মিন্টু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রুহুল কবির রিজভীসহ সবার মুক্তি দাবি করেন ফখরুল।
