২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন সেলিমা-মিন্টু

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনারের কার্যালয়ে বোমা হামলার ঘটনায় দায়ের মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারপারসন সেলিমা রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 05:54 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

এছাড়া মতিঝিলে হেফাজতের তাণ্ডবের মধ্যে থানার অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা ও ভাংচুরের মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার একটি আবেদনের শুনানি নিয়ে ২০ হাজার টাকার মুচলেকায় সেলিমা রহমানের জামিন মঞ্জুর করেন মহানগর হাকিম মাহবুবুর রহমান।

আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেলিমা রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই।

গত ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের ঘোষণা ছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের। ভোটের আগের দিন মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার কার্যালয় লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়।

পুলিশের অভিযোগ, নির্বাচন বানচাল করতেই ওই হামলা হয়।

গত ৭ জানুয়ারি সেলিমা রহমানকে তার বাড়ি থেকে আটকের পর এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে জামিন পেলেও আরো তিনটি মামলায় কারাগারে থাকায় সহসাই মুক্তি মিলছে না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর।

এদিন আদালতে তার জামিনের আবেদন করেন আইনজীবী রফিক-উল হক। তাকে সহায়তা করেন সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন মহানগর হাকিম মারুফ হোসেন।

পরে সানাউল্লাহ মিয়া সাংবদিকদের বলেন, “মতিঝিলের ঘটনা ঘটেছে ৫ মে। আর আব্দুল আউয়াল মিন্টু ২ থেকে ১৩ মে পর্যন্ত চিকিৎসার জন্য দেশের বাইরে ছিল। এর প্রমাণ হিসেবে আমরা আদালতে তার পাসপোর্ট জমা দিয়েছি। সবকিছু বিবেচনা করে আদালত তাকে জামিন দিয়েছেন।”

গত ৮ নভেম্বর খালেদা জিয়ার বাসা থেকে বের হওয়ার পর গ্রেপ্তার হন ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু।