খোকাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ
বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর মামলায় সাদেক হোসেন খোকাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ বৃহস্পতিবার এই আদেশ দেন।
গত বছরের ১২ ডিসেম্বর জোটের অবরোধ কর্মসূচির মধ্যে যাত্রাবাড়ির রায়েরবাগে দুর্বৃত্তরা গান পাউডার দিয়ে বাসে আগুন দিলে ৮ যাত্রী দগ্ধ হন।
ক্ষতিগ্রস্ত বাসের চালক নেকবর আলী পরে এই মামলা দায়ের করেন, যাতে মহানগর বিএনপিv আহবায়ক খোকাকে ‘উস্কানিদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক প্রদীপ কুমার রায় বৃহস্পতিবার খোকাকে ১০ দিনের হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে।
শুনানি শেষে বিচারক আলী মাসুদ শেখ দুই আবেদনই নাকচ করে দেন। এর বদলে পাঁচ কার্যদিবসের মধ্যে খোকাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে অনুমতি দেন তিনি।
অবরোধে যাত্রাবাড়ীর ঘটনা ছাড়াও শাহবাগ ও মালিবাগ বাসে অগ্নিসংযোগের মামলায় খোকাকে আসামি করেছে পুলিশ।
ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গত ৪ ডিসেম্বর রাতে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
