২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলকে গ্রেপ্তার-হয়রানি নয়

তিন মামলায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে পুলিশ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 01:22 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বৃহস্পতিবার ফখরুলের আগাম জামিনের আবেদনের শুনানি করে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে আবেদনকারীপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী ও সাবেক সভাপতি জয়নুল আবেদীন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও সহকারি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মেদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব মামলায় পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে বলেছে আদালত।”

১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলা মোটর পুলিশ বক্সের সামনে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে পুলিশ কনস্টেবল মো. ফেরদৌস খলিল (৩৫) নিহত হন। পরদিন মির্জা ফখরুলকে উস্কানিদাতা হিসাবে উল্লেখ করে রমনা থানায় মামলা হয়।

এর আগে বিরোধী দলের ৭১ ঘণ্টা অবরোধের শেষে ২৯ নভেম্বর রাজধানীর শাহবাগে বাসে ছোড়া পেট্রোল বোমায় ১৮ জন দগ্ধ হন, যাদের মধ্যে তিনজন পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায়ও উস্কানি ও ইন্ধনদাতা হিসাবে মির্জা ফখরুলের নাম উল্লেখ করে পরদিন শাহবাগ থানায় মামলা হয়।

আর ৩০ নভেম্বর মালিবাগে গাড়ি পোড়ানোর ঘটনায় পরদিন রমনা থানায় মামলা হয়। এ মামলায়ও উস্কানিদাতা হিসাবে ফখরুলের নাম রয়েছে।

এই তিন মামলায় ‘গ্রেপ্তার বা হয়রানি’ এড়াতে হাই কোর্টে আবেদন করেন ফখরুল।

আগাম জামিন চাইতে বেলা সাড়ে ১১টার দিকে হাই কোর্ট প্রাঙ্গণে আসেন মির্জা ফখরুল, গত বেশ কিছুদিন ধরে যাকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না।

সুপ্রিম কোর্ট বার ভবনে একজন আইনজীবীর কক্ষে বেশ কিছু সময় অবস্থান করার পর তিনি শুনানিতে হাজির হন।

শুনানিতে এজে মোহাম্মদ আলী বলেন, “কোনো মামলার এফআইআরের আসামির কলামে মির্জা ফখরুল ইসলামের নাম নেই। নাম না থাকলেও পুলিশ তার বাড়িতে যাচ্ছে, আমরা এই হয়রানি থেকে রেহাই চাই।”