২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের ছেড়ে আসুন, সংলাপ হবে: আ. লীগ

সংলাপ চাইলে যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়ার ঘোষণা দিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 06:45 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সেই সঙ্গে ধ্বংসাত্মক কর্মসূচি ছাড়ার ঘোষণাও বিএনপি চেয়ারপারসনের মুখ থেকে শুনতে চেয়েছে ক্ষমতাসীন দল।

বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর বুধবার এক সংবাদ সম্মেলনে পরিবর্তিত অবস্থায় দলের অবস্থান ও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের পাশাপাশি সংলাপের উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, “তিনি (খালেদা জিয়া) নতুন করে হরতাল-অবরোধ কর্মসূচির ঘোষণা দেন নাই। যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ এবং ধ্বংসাত্মক কর্মসূচি পরিহারের ঘোষণা দিতে হবে।”

সংবাদ সম্মেলনে খালেদা হরতাল-অবরোধের মতো কোনো কর্মসূচি না দেয়ায় এর  পরিপ্রেক্ষিতে সংলাপের উদ্যোগ নেয়া হবেন কি না- সেই প্রশ্ন করা হয় আওয়ামী লীগ নেতাকে।

জামায়াতের সঙ্গ ছাড়ার বিষয়ে সংবাদ সম্মেলনে খালেদাকে প্রশ্ন করা হয়েছিল, তার কোনো সরাসরি উত্তর না দিয়ে অতীতে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আন্দোলনের কথা তুলে ধরেন তিনি।

নির্বাচন বয়কট করে বিএনপি বিদেশিদের কাছে ‘ধর্না’ দিয়েও সফল হয়নি বলে দাবি করে হাছান মাহমুদ।

“নেতা-কর্মীদের আন্দোলনে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়ে তারা (বিএনপি) বিদেশিদের কাছে ধর্না দিয়েছিল। আজকে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে, তার উপলব্ধি হয়েছে যে ধর্না দিয়ে লাভ নেই। বিদেশিদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন তিনি।”

আওয়ামী লীগ নেতা বলেন, “আশা করেছিলাম অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলা, গাড়ি পোড়ানো, মানুষ হত্যার মতো অপকর্মের জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চাইবেন। কিন্তু তিনি শাক দিয়ে মাছ ঢাকার মতো অন্যের ঘাড়ে দায় চাপিয়েছেন। অপকর্ম ডিফেন্ড করেছেন।

“আশা করেছিলাম যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করার ঘোষণা দেবেন, তা হয়নি। সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে যাচ্ছেন। আশা করেছিলাম, এর জন্য ক্ষমা চাইবেন। তা না করে জাতিসংঘের অধীনে তদন্ত দাবি করেছেন।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আওয়ামী লীগের প্রচার সম্পাদকের সঙ্গে ছিলেন দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা আবদুস সোবহান গোলাপ, সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।

কোনো কূল আমরা হারাইনি: খালেদা