২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে যাবেন নাজমুল হুদা

দশম সংসদ নির্বাচনকে ‘মধ্যবর্তী নির্বাচন’ আখ্যায়িত করে তা বাতিলের নির্দেশনা চেয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাজমুল হুদা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 06:14 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

নিজেকে নবগঠিত দল বিএনএফের চেয়ারম্যান দাবি করে আসা হুদা মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

তিনি বলেন, “নবম সংসদের মেয়াদ শেষের আগেই দশম সংসদ নির্বাচন করেছে সরকার। কাজেই এটা মধ্যবর্তী নির্বাচন।”

এই নির্বাচন বাতিল করে দশম সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুদা বলেন, “তা না হলে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে যাবে।”

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলায় কয়েক বছর আগে বহিষ্কার করা হয় সহসভাপতি নাজমুল হুদাকে। দশম সংসদ নির্বাচনের আগে বিএনএফের চেয়ারম্যান হিসেবে সক্রিয় হন তিনি।

তবে নাজমুল হুদা এক পর্যায়ে বিএনএফকে বিলুপ্ত ঘোষণা করলে দলটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ চেয়ারম্যান হুদাকে বহিষ্কার করেন। আজাদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন।

রাজনৈতিক অবস্থানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, “আমি আগাগোড়াই বিএনপিতে ছিলাম। এখন বিএনপি এবং বিএনএফে আছি।”

আজাদ ‘ক্যু’ করে নিজেকে বিএনএফের চেয়ারম্যান ঘোষণা করেছেন বলে দাবি করেন তিনি।

নাজমুল হুদা বলেন, “বিএনএফ তাকে (আজাদ) নির্বাচন বর্জনের নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি দলের সিদ্ধান্ত অমান্য করে ‘তথাকথিত’ নির্বাচনে অংশ নিয়ে এমপি হয়েছেন।”

‘দলের নির্দেশ’ অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।

নাজমুল হুদা বিএনএফেও, বিএনপিতেও!

‘বিএনএফ নিয়ে হুদার বলার এখতিয়ার নেই’

বিএনএফ ‘বিলুপ্ত’: নাজমুল হুদা