রাষ্ট্র সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে পারেনি: সুরঞ্জিত
নির্বাচনের পর বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি অভিযোগ করে সরকারের সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচনের পর নয় দিন পার হয়েছে। নতুন সরকার আসায় দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সংখ্যালঘুদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি।”
ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক হলেও রাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে পারেনি বলেও মন্তব্য করেন সুরঞ্জিত।
তিনি বলেন, “রাষ্ট্রের নিষ্ক্রিয়তা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নয় দিন একটি অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকার পরও এমন ঘটনা ‘আনএক্সপেকটেড’। কোনো মন্ত্রী এখনো তাদের দেখতে যাননি।”
বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যশোরের অভয়নগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভোট দেয়ার কারণেই তাদের ওপর এই হামলা।
এই সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে যশোরের মালোপাড়া অভিমুখে গণজাগরণ মঞ্চের সাম্প্রতিক রোডমার্চের প্রসঙ্গ টেনে সুরঞ্জিত বলেন, “তারা সেখানে যেতে পারে, অথচ আমরা (রাজনীতিবিদরা) পারি না। এ অবস্থার জন্য রাষ্ট্র বা প্রশাসনই শুধু নয়, নির্বাচন কমিশনকেও দায় নিতে হবে।”
সদ্য গঠিত সরকারে মন্ত্রিত্ব না পাওয়া আওয়ামী লীগের এই প্রবীণ রাজনীতিক সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে দ্রুত বিচার আইনের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
বিএনপির রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আন্দোলনে আপনার কৌশল ব্যর্থ হয়েছে, আপনি পরাজিত হয়েছেন। ‘আপোসহীন’ নেত্রী- সব বিষয়ে আপোসহীন হলে চলে না।”
অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ূন, বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি চিত্তরঞ্জন দাস, মহাসচিব হুমায়ূন কবির মিজি এ সভায় উপস্থিত ছিলেন।
