২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ গণতন্ত্রশূন্য: বিএনপি

দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভোটারবিহীন’ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, এই নির্বাচন করে সরকার দেশকে ‘গণতন্ত্রশূন্য’ করে ফেলেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 03:05 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মঙ্গলবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশে গণতন্ত্র ও নির্বাচনের নামে একটা নাটক ও মহাপ্রহসন আমরা দেখলাম। ওই দিন ( ৫ জানুয়ারি )  ভোটকেন্দ্রে মানুষ থাকলো না, অথচ ভোট হয়ে গেলো।

“৫ শতাংশের ভোটকে ৫০ শতাংশ বানিয়ে প্রচার করা হলো বিপুল ভোটে তারা (আওয়ামী লীগ) জিতেছে। এটা জাতির সঙ্গে স্রেফ মিথ্যাচার ছাড়া কিছুই নয়।”

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কল্যাণ পার্টির উদ্যোগে ঈদে  মিলাদুন্নবী উপলক্ষে এই আলোচনায় বিএনপি নেতা মাহবুবুর বলেন, “আমরা বলতে চাই, দেশে আজ গণতন্ত্র নেই। আমরা সংগ্রামে আছি। গণতন্ত্রের শ্রেষ্ঠত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এখন আন্দোলন চলছে। এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “সংখ্যালঘুদের ওপর আজ হামলা হচ্ছে। এই হামলা যে বা যারা করছে, তারা দুর্বৃত্ত, সন্ত্রাসী ও হায়না।

“ইসলাম ধর্ম এদের রুখতে বলেছে।তাদের নিরাপত্তা দেয়া মুসলমানদের দায়িত্ব। ইসলাম ধর্ম এই শিক্ষাই আমাদের দিয়েছে।”

বিশ্বব্যাপী হানাহানি ও অস্থিরতা থেকে মুক্তি পেতে ইসলামের অনুশাসন থেকে শিক্ষা নেয়ার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন সাবেক এই সেনাপ্রধান।

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ব্যারিস্টার তুহিন মালিক, সাবেক সাংসদ গোলাম মওলা রনি, সাবেক সাংসদ ও ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ডিএলর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন চৌধুরী, সহসভাপতি আজাদ মাহবুব, যুগ্ম মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন।