বন্ধ কারখানা চালু করা হবে: আমু
দায়িত্ব নিয়েই বন্ধ হয়ে যাওয়া কল-কারখানাগুলো চালু করার কথা বলেছেন নতুন সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
প্রথম কার্যদিবস সোমবার সকালে শিল্প মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই কথা জানান।
তিনি বলেন, “দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে থাকা কল-কারখানাগুলো চালুর পদক্ষেপ নেয়া হবে।”
২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় হাসিনাবিরোধী বলে পরিচিতি পাওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমু ২০০৯ সালের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও এবার তাকে রেখেছেন শেখ হাসিনা।
আমু বলেন, “গত পাঁচ বছরে দেশে শিল্পখাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়েছে।”
দেশের পোশাক শিল্প নিয়ে দেশি ও বিদেশী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন মন্ত্রী বলেন, “বর্তমান সরকার এসব ষড়যন্ত্র মোকাবেলা করে শিল্পায়নের ধারা অব্যাহত রাখবে।”
নতুন সরকারের বিষয়ে দলের জ্যেষ্ঠ এই নেতা বলেন, “কোন দল নির্বাচনের অংশ নিল বা না নিল তার ওপর সরকারের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। এটি জনগণের সমর্থনের ওপর নির্ভর করে।”
