২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কার্ড লাগবে কেন?’

বঙ্গভবনে রোববার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, যিনি চট্টগ্রাম-২ আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাত থেকে

Published : 13 Jan 2014, 01:00 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বিকাল সোয়া ৩টার দিকে বঙ্গভবনের সামনের রাস্তায় অতিথিদের গাড়ির প্রচুর চাপ ছিল, এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর বঙ্গভবনে ঢোকে।

গাড়ির চাপে উপায়ান্তর না দেখে নজিবুল বশর হেঁটে ফটকের দিকে এগিয়ে যান। গাড়ি থেকে নামার পর একজন পুলিশ সদস্য এই সংসদ সদস্যের উদ্দেশে বলেন, “স্যার দাওয়াত কার্ডটি নিয়ে যান।”

“কার্ড লাগবে কেন?”- এই বলে তিনি বঙ্গভবনের প্রধান ফটকের দিকে এগিয়ে গেলেন। এসময় একজন তাকে চিনতে পেরে সালাম দিয়ে এগিয়ে আসেন।

কিন্তু আমন্ত্রণপত্র ছাড়া গিয়ে ফটকে আটকে যান নজিবুল বশর। উপায় না পেয়ে আবার গাড়িতে এসে রেখে যাওয়া আমন্ত্রণপত্র নিয়ে ঢোকেন তিনি।

তার গাড়ি যখন বঙ্গভবনের সামনে দাঁড়িয়েছিল তখন সাংবাদিকদের সঙ্গে কথা হয় এক সময়ে আওয়ামী লীগের এই সংসদ সদস্যের। পরে বিএনপিতে যোগ দিয়ে সেই দল ছেড়ে তরীকত ফেডারেশন গঠন করেন তিনি।

কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কি না- সাংবাদিকদের এই প্রশ্নে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিভাবে দায়িত্ব পাব? সব সুযোগ সুবিধা তো জাতীয় পার্টিকে দেয়া হয়েছে।”

তারপর হাতে হিসাব করে তিনি বলেন, চট্টগ্রাম থেকে পাঁচজনকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তবে কাকে কাকে দেয়া হয়েছে তা তিনি জানাতে পারেননি।

মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে কোন মন্ত্রণালয় পছন্দ করতেন- জানতে চাইলে তিনি বলেন, “ধর্ম মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে জামায়াত-শিবিরের মুখোশ আরো উন্মোচন করে দেয়া যেত।”