২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 07:49 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

নিহত মামুন হোসেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, যাকে সংগঠনের নেতা দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত মামুনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিহত ছাত্রের রাজনৈতিক পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার মাথায় জখমের চিহ্ন রয়েছে।”

চবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামুন শিবিরের শাহ আমানত হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

হতাহতদের অধিকাংশই তাদের সংগঠনের নেতাকর্মী বলেও দাবি করেন মোস্তাফিজুর।

সংঘর্ষে আহত আরো তিনজনকে চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হলেন- ইতিহাস তৃতীয় বর্ষের এনামুল হক আরাফাত, পদার্থবিদ্যা প্রথম বর্ষের রাহাত ও গণিত প্রথম বর্ষের আমজাদ হোসেন।

এছাড়া চবি চিকিৎসা কেন্দ্রে রকিব, শরিফ ও মুজাহিদ নামে তিন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়ে তাদেরকেও চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে সিলেটে চবি ছাত্রলীগের দপ্তর সম্পাদকের ওপর শিবিরকর্মীদের হামলার প্রতিবাদে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদ হয়ে আমানত হলের সামনে পৌঁছালে শাহ আমানত হলের ভেতর থেকে গুলি ছুঁড়ে শিবিরকর্মীরা।

বিকালে শিবিরনিয়ন্ত্রিত শাহ আমানত হলে ছাত্রলীগকর্মীরা লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হলের ভেতরে ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়। এসময় হলের ভেতর থেকে গুলি ও হাত বোমার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংঘর্ষের পর শাহ আমানত হলে অভিযান চালিয়ে ১৬ শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানান হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার দেখানো হবে।”

কয়জন হতাহত হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, “বেশ কয়েকজনকে আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কেউ মারা গেছে কি না জানা নেই।”

এদিকে রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম।

বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মহিউদ্দিনকে আহ্বায়ক এবং একই বিভাগের অধ্যাপক জসিমুদ্দিনকে কমিটির সদস্য করা হয়েছে। আর মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের প্রভাষক অহিদুল আলমকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

রাতেই সংঘর্ষস্থল শাহ আমানত হল খালি করে সিলগালা করা হয়েছে বলেও জানান উপাচার্য।

চবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ চলছে