‘সর্বাধিনায়কই ঠিক করবেন, কাকে নিয়ে খেলবেন’
শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় স্থান না হলেও এই সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন বিদায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
রোববার নতুন মন্ত্রিসভার শপথের পর সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আমি মনে করি, যিনি সর্বাধিনায়ক, কখন কোথায় কাকে নিয়ে খেলবেন, তা তিনিই ঠিক করবেন। দলীয় প্রধান হিসেবে তার (শেখ হাসিনা) সিদ্ধান্তই চূড়ান্ত।”
নতুন সরকারকে অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করবেন বলে জানান ২০০৮ সালে পাবনা থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া শামসুল হক।
“আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, আমি আমার অভিজ্ঞতা দিয়ে এ সরকারকে সহযাগিতা করব।”
বেড়া ও সাঁথিয়া নিয়ে গঠিত পাবনা-১ আসনে নবম সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন টুকু।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হয়ে এসেছিলেন শেখ হাসিনার ১৯৯৬ সালের সরকারের প্রতিমন্ত্রী আবু সাইয়িদ।
ভোটের লড়াইয়ে সাইয়িদকে হারিয়ে দশম সংসদেও ওই এলাকার প্রতিনিধিত্ব করছেন টুকু।
