২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান ফখরুলের

নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ১৮ দলীয় জোটের সর্বস্তরের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 08:05 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রহসনের নির্বাচনের পর থেকে সারাদেশে সরকার যৌথ বাহিনী দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, বাড়িঘর লুটপাট ও নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। এটা উদ্বেগজনক।”

“অগ্রহণযোগ্য পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে আঁকড়ে রেখে ষড়যন্ত্র, অপপ্রচার ও অপকৌশল করে চলমান আন্দোলন কোনোভাবেই কলুষিত করে স্তব্ধ করতে পারবে না। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমনপীড়ন ও গ্রেপ্তার অভিযান বন্ধ করুন।”

এর ব্যতিক্রম হলে ‘স্বৈরাচারদের’ মতো সরকারকে ভাগ্যবরণ করতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “প্রহসনের নির্বাচনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দল নিধনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশকে ক্রমান্বয়ে এক চরম নৈরাজ্য ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।”

প্রহসনের নির্বাচনের পর সারাদেশে সংখ্যালঘুদের ওপর সরকার দলীয় ‘গুন্ডারা’ হামলা চালিয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, “সরকারদলীয় গুন্ডারা নিজেরা বর্বর হামলা চালিয়ে তার দায়ভার বিরোধী দলের ওপর চাপানোর অপচেষ্টা করছে। এটা আওয়ামী লীগের চিরাচরিত মিথ্যাচারেরই অংশ।”

ক্ষতিগ্রস্তসহ দেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য জোটের সব পর্যায়ের নেতা-কর্মীকে পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর, ঠাকুরগাঁও, মাগুরা, জামালপুর, জয়পুরহাট, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতনের ঘটনা ঘটেছে।

এর মধ্যে নির্বাচনের দিন (রোববার) যশোরের অভয়নগরের চাপাতলা গ্রামের মালোপাড়ায় অন্তত দেড়শ বাড়ির আসবাবপত্র, ঘরের চালা, ধান-গমের গোলাসহ বিভিন্ন মালামাল ভাংচুর ও তছনছ করে নির্বাচন বিরোধীরা।

ওই সময় ভয়ে মালোপাড়ার নারী-পুরুষ-শিশু গ্রাম ছেড়ে পালিয়ে বাঁচে।