২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী সেচ্ছাসেবক কমিটি হবে: নাসিম

সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সবাইকে নিয়ে দেশব্যাপী সেচ্ছাসেবক কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 11:57 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

তিনি বলেছেন,“সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রয়োজনে সবাই মিলে দেশব্যাপী সেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে।”

বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, “গঠিত স্বেচ্ছাসেবক কমিটি নিজ এলাকাবাসীদের নিয়ে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে মসজিদ ও মন্দির পালাক্রমে পাহারা দেবে।”

নবনির্বাচিত এই আওয়ামী লীগ সাংসদ বলেন, “জামায়াতের কথায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে না এসে ভুল করেছেন। এটি তার স্বীকার করতে হবে।”

আওয়ামী লীগ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে সরকার গঠন করবে বলে জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্বাচন কমিশন জীবন দিয়ে নির্বাচনকে সফল করেছেন।”

একজন নির্বাচনী কর্মকর্তার মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, “তাকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের মানুষ কখনোই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না।

এদেশে কেউ সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করলে সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা ও নতুন সংসদ সদস্য শিরীন আক্তার বলেন, এখন দেশের উন্নতিতে সবার কথা কম বলে কাজ বেশি করতে হবে।

বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইন প্রতিমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দীন নাসিম।