অবরোধ চলবে: বিএনপি
‘প্রহসনের’ নির্বাচন বাতিলের দাবিতে ডাকা টানা হরতাল শেষ হলেও অবিরাম অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছে বিএনপি।
বুধবার বিকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে ‘খালেদা জিয়ার পক্ষ থেকে’ চলমান আন্দোলনের অংশ হিসেবে লাগাতার রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
৫ জানুয়ারির ভোট ঠেকাতে ১ জানুয়ারি থেকে এই লাগাতার অবরোধ শুরু করে বিএনপি। ভোটের পর নির্বাচন বাতিলের দাবিতে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক।
ভোটের আগের দিন ও ভোটের দিন হরতাল করার পর ৫ জানুয়ারি ভোট শেষে ১৮ দলের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচি বুধবার সকাল পর্যন্ত চলবে। পরে বিরোধী দলের নেতাকর্মীদের ‘গ্রেপ্তার-নির্যাতনের’ প্রতিবাদে হরতালের সময় বাড়ানো হয় বুধবার সন্ধ্যা পর্যন্ত।
অবরোধের পাশাপাশি হরতালে হতাহতদের স্মরণে শুক্রবার সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হবে। পরদিন শনিবার হবে মহানগর-জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ।
একতরফা নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি মঙ্গলবার ঘোষণা করেছিলেন দলের ভাইস চেয়ারপারসন সেলিমা রহমান। কর্মসূচি ঘোষণার পরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। বোমাবাজিতে উস্কানির মামলায় বুধবার তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির সই করা বিবৃতিতে মির্জা ফখরুল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
তার অভিযোগ, “প্রহসনের নির্বাচনে ভোটার অনুপস্থিতি, দেশবাসীর স্বতস্ফূর্ত বর্জন ও দেশি-বিদেশি আন্তর্জাতিক সংস্থার সমালোচনার মুখে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে।”
রোববার ভোটের পর যশোর, দিনাজপুর, মাগুরাসহ বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আক্রান্তদের অভিযোগ- ভোট দেয়ায় তাদের ওপর হামলা হয়েছে।
আর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি-জামায়াত জোটই ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এ অভিযোগ অস্বীকার করে মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, ক্ষমতাসীন দলের লোকজনই ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে এর দোষ বিরোধী দলের ওপর চাপাচ্ছে।
হামলায় জড়িতদের শাস্তি দাবি
নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাংচুরে জড়িতদের শাস্তি দাবি করেছে বিএনপি।
বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বনানী ডিওএইচএসে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।
সাবেক সেনা প্রধান মাহবুব বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলমান- হিন্দু-বৌদ্ধ-খৃস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের এই সম্প্রীতিকে ধ্বংস করার জন্য দুর্বৃত্তরা নানা অপপ্রয়াস চালাচ্ছে ।”
সুষ্ঠু তদন্তের মাধ্যমে ‘প্রকৃত’ হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানান তিনি।
“যারা এসব ঘটনা ঘটিয়েছে, তাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। তারা দুর্বৃত্ত, তারা আমাদের ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে কালিমা লেপন করতে চায়, সাম্প্রদায়িকতাকে উসকে দিতে চায়।”
