২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের নাসিম

নির্বাচনকে কেন্দ্র করে হামলার শিকার ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 06:38 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

একইসঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলাকারী যেই হোক না কেন- তাদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক যৌথ সভায় তিনি এই আহ্বান জানান।

এই হামলার জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে নাসিম বলেন, “অনেক করেছেন। দয়া করে শান্ত হন। পাঁচ বছরে অনেক চেষ্টা করেছেন, পারেননি, পারবেন না। কারণ আওয়ামী লীগ জনগণের দল।”

রোববার ভোটের পর যশোর, দিনাজপুর, মাগুরাসহ বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘেটনা ঘটে। আক্রান্তদের অভিযোগ- ভোট দেয়ায় তাদের ওপর হামলা হয়েছে।

নাসিম বলেন, শুধু জামায়াত-বিএনপি নয়, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের সঙ্গে আরো কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করতে হবে।

“সংখ্যালঘুদের ওপর আক্রমণের মধ্য দিয়ে মানুষের নিরাপত্তা নেই বলে বিএনপি-জামায়াত প্রমাণ করতে চায়। এগুলোকে কঠোরভাবে দমন করতে হবে।”

এ জন্য ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

দুই বছর আগে সংবিধান অনুযায়ী নির্বাচনের যে চ্যালেঞ্জ আওয়ামী লীগ নিয়েছিল তাতে সফলতা অর্জিত হয়েছে বলে মনে করছেন নাসিম। তবে তার মতে, তৃতীয় দফায় সরকার গঠনের আগে দলীয় নেতাকর্মীদের ‘সতর্ক’ হওয়া উচিৎ।

“পুনর্বার নির্বাচিত হয়েছি। বিগত সরকারের সময় অনেকগুলো দুর্বলতা ছিল। এগুলো করা যাবে না। জনগণ দূরবিন দিয়ে আমাদের কর্মকাণ্ড দেখছে। সাবধান থাকতে হবে। যেন আমাদের কেউ প্রশ্ন করতে না পারে।”

নির্বাচনে জিতে ‘উল্লাস’ করার সময় নেই মন্তব্য করে নাসিম বলেন, সবার প্রত্যাশা পূরণ করাই হবে নতুন সরকারের কাজ।

“পারাজিত শক্তি কোনো দিনও পরাজয় মেনে নেবে না। আমাদের শক্তি সেই শক্তির বিরুদ্ধে লড়াই করবে। রাজনৈতিকভাবেই আমরা সেই শক্তিকে মোকাবেলা করব।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দলকে নিয়েই নির্বাচন করতে চেয়েছিলেন মন্তব্য করে নাসিম বলেন, “সবার প্রত্যাশা অনুযায়ী হয়তো নির্বাচন করতে পারিনি। তবে আমাদের দোষ না। বিরোধী দল নির্বাচন বানচাল করতে চেয়েছিল।

বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ করে বিএনপি-জমায়াত দেশকে ‘অস্থিতিশীল’ করতে চায় বলে অভিযোগ করেন নাসিম।

বিএনপি প্রধানের উদ্দেশে নাসিম বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করলে সুস্থির হন, আমাদের সহযোগিতা করুন। আমরাও আপনাদের সহযোগিতা করব।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাসিম ও বিএম মোজাম্মেল হোসেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ছাড়াও ঢাকা মহানগর ১৪ দলের নেতারা সভায় বক্তব্য দেন।