এমপি নাজিমকে ছেড়ে দিয়েছে পুলিশ
রাজধানীর বারিধারা থেকে আটক বিএনপির সংসদ সদস্য নাজিমউদ্দিন আহমেদকে ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আটকের পর গভীর রাতে তাকে ছেড়ে দেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ উপকমিশনার মাসুদুর রহমান।
নাজিমের সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকেও আটক করা হয়েছিল। তিনি ছাড়া পাননি।
মঙ্গলবার এই দুজনের পাশাপাশি বিএনপির ভাইস চেয়ারপারসন সেলিমা রহমান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকেও গ্রেপ্তার করে পুলিশ।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা থেকে বের হওয়ার সময় মাহবুবকে এবং নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেয়ার পর সেলিমা গ্রেপ্তার হন।
মিলন ও নাজিমকে আটক করা বারিধারায় বিএনপির প্রচার সম্পাদক ও সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে।
ফারুকসহ কয়েকজনকে সেখানে আটক করা হলেও পরে শুধু লক্ষ্মীপুরের সংসদ সদস্য নাজিম এবং গাজীপুরের সাবেক সংসদ সদস্য মিলনকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।
সেখানে উপস্থিত মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ভবনের তৃতীয় তলায় ফারুকের সঙ্গে মিলন, নাজিমউদ্দিন ছাড়াও বিএনপির সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজান ও লায়ন হারুনুর রশিদ ছিলেন।
“পুলিশ এসে প্রথমে আমাদের সবাইকে নিচে নিয়ে যায় এবং গাড়িতে তোলে। এরপর আবার গাড়ি থেকে নামিয়ে উপরে নিয়ে আসে। তারপর দুজনকে রেখে আমাদের বলে, ‘আপনাদের আর দরকার নেই’।”
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দিয়ে দুপুর সোয়া ২টার দিকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হন।
নির্বাচন বাতিল এবং মাহবুবসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সন্ধ্যায় গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে আরো ১২ ঘণ্টা হরতালের ডাক দেয়ার পরপরই গ্রেপ্তার হন সেলিমা।
ওই সংবাদ সম্মেলনে সেলিমার সঙ্গে থাকা বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবাদ সম্মেলনের পর একই ভবনে ভাইয়ের বাসায় গিয়েছিলেন সেলিমা রহমান।
“গোয়েন্দা পুলিশ প্রথমে বাসায় তল্লাশি করে না পেয়ে ভাইয়ের বাসা থেকে উনাকে আটক করে নিয়ে যায়।”
নির্দলীয় সরকারের দাবিতে ১৮ জোটের আন্দোলনের মধ্যে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা বর্তমানে কারাবন্দি।
এর মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, হাফিজউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মাহবুবউদ্দিন খোকন।
এছাড়াও রয়েছেন সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নসিরউদ্দিন, আব্দুল আওয়াল মিন্টু, সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল, বর্তমান সাংসদ শাম্মী আক্তার, এবং চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
মাহবুব-সেলিমাসহ বিএনপির চার নেতা গ্রেপ্তার
