খালেদার সঙ্গে কানাডার দূতের সাক্ষাৎ
কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে খালেদার বাড়িতে যান এই রাষ্ট্রদূত। ব্যারিকেড সরিয়ে পুলিশ তার গাড়ি ঢোকার পথ করে দেয়।
খালেদা জিয়া দাবি করেছেন, তাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছ। তবে সরকার তা নাকচ করেছে।
কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন তার উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ ও বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী।
সোমবার রাতে বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেন জার্মান রাষ্ট্রদূত আলবার্ট কোনজে। এর আগে গত ৩০ ও ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা ও যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
গত ২৪ ডিসেম্বর থেকে এই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। তাকে কর্মসূচিতেও যেতে দেয়া হয়নি।
