বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করছে: আশরাফ
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেছেন, “গণতান্ত্রিক আন্দোলনের ছদ্মাবরণে বিএনপি-জামায়াতসহ গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এক নৈরাজ্যকর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে।”
যশোর, দিনাজপুরসহ দেশের কয়েকটি জেলায় হিন্দুদের ওপর হামলার নিন্দা জনিয়ে ওই বিবৃতি দেন আশরাফ।
তিনি বলেন, হরতাল ও অবরোধের নামে জনগণকে জিম্মি করে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের হত্যা, সন্ত্রাস ও বোমাবাজিসহ ন্যাক্কারজনক কর্মকাণ্ডকে মোকাবিলা করেই দেশবাসী ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনকে সফল করেছে।
রোববার ভোটের পর যশোর ও দিনাজপুর ও মাগুরায় হিন্দুদের বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে ওইসব এলাকার শতাধিক ঘর পুড়ে যাওয়ায় কয়েকশ পরিবার সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।
ভোট দেয়ায় তাদের ওপর হামলা হয়েছে বলে আক্রান্তরা অভিযোগ করেছেন।
বিবৃতিতে আওয়ামী লীগ সম্পাদক বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন, সুশাসন ও আর্থ-সামাজিক ক্ষেত্রে যে অনন্য সাধারণ অগ্রগতি ও যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে, সেই ধারাবাহিকতাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।”
এই জন্য দেশের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন আশরাফ।
বিএনপি-জামায়াতের মতো চিহ্নিত ‘অপশক্তির’ সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রগতিশীল শক্তিকে সতর্ক ও প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “একই সাথে এই চিহ্নিত অপশক্তির সকল ষড়যন্ত্রকে দৃঢ়তার সাথে মোকাবিলার মধ্য দিয়ে প্রতিহত করতে হবে।”
‘ব্যবস্থা ছিল, তাই ব্যাপক হয়নি’
ভোটের পর বিএনপি-জামায়াত দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলার পরিকল্পনা করেছিল দাবি করে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সরকার ব্যবস্থা নেয়ায় তা সফল হয়নি।
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিহত করতে না পারা সরকারের ব্যর্থতা কি না- এই প্রশ্নের উত্তরে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “১৮ দলের অনেক জঙ্গি সংগঠন সংখ্যালঘুদের রাজনৈতিক শত্রু মনে করে। ভোটের পর তারা বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলার পরিকল্পনা করলেও সরকার যথাযথ পদক্ষেপ নেয়ায় তারা তা বাস্তবায়ন করতে পারেনি।”
ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ দিতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
