২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের জ্বালাও-পোড়াওয়ের সমালোচনায় কাদের সিদ্দিকী

বিরোধী দলবিহীন নির্বাচন করার জন্য সরকারের সমালোচনার পাশাপাশি ভোট বাতিলের দাবিতে বিরোধী জোটের আন্দোলন নিয়েও আপত্তি তুলেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 07:04 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

তিনি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, “নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই বিএনপি হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে।

“পত্রিকার খবরে প্রকাশ যে এ জ্বালাও-পোড়াও আন্দোলনের সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীরাই যুক্ত আছে।”

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল নির্বাচনের আগে হরতাল-অবরোধের পর ভোট শেষেও একই কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া বিএনপির মতো হলেও কর্মসূচির বিষয়ে নিজের ভিন্নমত নতুন জোট এনডিএফের সংবাদ সম্মেলনে তুলে ধরেন কাদের সিদ্দিকী।

কৃষক-শ্রমিক-জনতা লীগের সঙ্গে এই জোটে রয়েছে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা ও আ স ম আব্দুর রব নেতৃত্বাধীন জেএসডি।

দশম সংসদ নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে কাদের সিদ্দিকী বলেন, “প্রধানমন্ত্রী যতই বলুন না কেন, ভোট পড়েছে মাত্র আড়াই শতাংশ। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এর পরিণতি হবে ভয়াবহ।”

“প্রধানমন্ত্রী ছালা এবং মালা দুই হারাবেন,”  বলেন এক সময়ের এই আওয়ামী লীগ নেতা।

এনডিএফ দশম সংসদ নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন দেয়ার দাবি তুলেছে।

কাদের সিদ্দিকী বলেন, “এ নির্বাচন দেশের জন্য এক কলঙ্কজনক অধ্যায়। সব দলের অংশগ্রহণে অবিলম্বে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।”

হাসিনার ‘ছালা-মালা’ দুটোই যাবে: কাদের সিদ্দিকী