টুকুর বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ সাইয়িদের
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ভোট ডাকাতি করে এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ।
মঙ্গলবার বিকালে পাবনার বেড়া উপজেলায় নিজ বাড়িতে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদ এ অভিযোগ করেন।
রোববার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
আবু সাইয়িদ এ আসনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচন দাবি করেন।
তার অভিযোগ, এ আসনের ১১৮টি কেন্দ্রের মধ্যে ৬১টি থেকে তার এজেন্টদের বের করে দিয়ে ভোট কেটে নেয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের স্বচ্ছ ভোটের প্রতিশ্রুতিতে নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশ ও সন্ত্রাসীদের সহায়তায় ভোট কেটে নিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করেছেন।
এজন্য তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে দল ও মন্ত্রিত্ব থেকে বহিষ্কারের দাবিও জানান।
সংবাদ সম্মেলনে তার বেশ কয়েকটি ভোট কেন্দ্রের এজেন্ট উপস্থিত ছিলেন।
সাইয়িদের সঙ্গে লড়াইয়ে জয় টুকুর
