২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ছাত্রলীগ নেতার বাড়িতে জামায়াতকর্মীদের আগুন

চট্টগ্রামের বাঁশখালীতে এক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 06:31 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার চাম্বল ইউনিয়নের ডেপুটি ঘোনা এলাকায় ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফখরুদ্দীনের বাড়িতে আগুন দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে কয়েকশ জামায়াত-শিবিরকর্মী ফখরুদ্দীনের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেয়। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়ির অদূরে মধ্যম পাড়া এলাকায় জামায়াতকর্মী হারুনের বাড়িতে আগুন দেয়।

বাঁশখালী থানার এসআই রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে জামায়াত-শিবিরকর্মীদের দেওয়া আগুনে ফখরুদ্দীনের বাড়ির রান্না ঘর ও খড়ের গাদা পুড়ে যায়।

এরপর বিক্ষুব্ধ এলাকাবাসীরা জামায়াতকর্মী হারুনের ঘরে আগুন দেয় জানিয়ে এসআই রুহল আমিন বলেন, “এসময় তার বাড়ির পাশে কয়েকটি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে।”

র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা অবস্থান নিয়েছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি।