২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল বুধবার সন্ধ্যা পর্যন্ত

‘প্রহসনের’ নির্বাচন বাতিলের দাবিতে অবরোধের সঙ্গে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি বুধবার সন্ধ্যা পর্যন্ত বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 06:13 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে রোববার সন্ধ্যায় ১৮ দল বুধবার সকাল পর্যন্ত হরতাল ডাকে।

সেই সময় শেষ হওয়ার আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এক সংবাদ সম্মেলনে হরতাল বুধবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।

তিনি বলেন, খন্দকার মাহবুব হোসেনসহ বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার এবং সারাদেশে নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে হরতাল ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে।

গুলশানে নিজের বাড়িতে এই সংবাদ সম্মেলনের এক ঘণ্টার মধ্যে সেলিমা রহমানকে আটক করে পুলিশ।

‘প্রহসনের’ নির্বাচন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলবে বলে নিজের বাড়িতে ডাকা ওই সংবাদ সম্মেলনে জানান সেলিমা।

ভোটের আগে হরতালে সংঘাত হলেও গত দুদিনের হরতালে বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছাড়া জনজীবনের অন্য সব কর্মকাণ্ডও প্রায় সচল রয়েছে।

সংবাদ সম্মেলনে সেলিমা রহমান। নিজের বাড়িতে এই সংবাদ সম্মেলনের পরই আটক হন তিনি।

সংবাদ সম্মেলনে সেলিমা রহমান। নিজের বাড়িতে এই সংবাদ সম্মেলনের পরই আটক হন তিনি।

সংবাদ সম্মেলনে সেলিমা রহমান। নিজের বাড়িতে এই সংবাদ সম্মেলনের পরই আটক হন তিনি।

হরতালের সময় বাড়ানোর পাশাপাশি ১০ জানুয়ারি শুক্রবার সারাদেশে প্রার্থনা এবং নির্বাচন বাতিলের দাবিতে ১১ জানুয়ারি শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও দিয়েছেন সেলিমা।

জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করে বিএনপি নির্দলীয় সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে আসছে। এজন্য নির্বাচন বাতিল করে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান রয়েছে বিরোধী জোটের।

এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী হাসিনা সংলাপে রাজি থাকার কথা জানিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গ ছেড়ে আসতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিরোধী দলের বর্জনের মধ্যে সংঘাত-সহিংসতায় ১৮ জনের প্রাণহানি এবং শতাধিক কেন্দ্রে অগ্নিসংযোগের মধ্যে ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে ইসি।

বিএনপির দাবি, জনগণ ভোট না দিয়ে সরকারের প্রতি ‘অনাস্থা’ জানিয়েছে। গড়ে তিন থেকে পাঁচ শতাংশের বেশি ভোট পড়েনি।

নির্দলীয় সরকারের দাবিতে হরতাল করে আসা ১৮ দল নির্বাচনের তফসিল ঘোষণার পর অবরোধে যায়। কয়েকদিন বিরতি দিয়ে ডিসেম্বর মাসজুড়ে অবরোধের পর ভোট প্রতিহত করার আহ্বান জানিয়ে ১ জানুয়ারি থেকে টানা কর্মসূচি ঘোষণা করা হয়।

‘অবৈধ’ সরকার, তবু খালেদা রাজি

‘খালেদা দুই কূলই হারালেন’

সর্বাত্মক আন্দোলন চলবে: তারেক

ভোট বাতিলের দাবিতে হরতাল ১৮ দলের