ছাত্রদলনেতা হাবিব আরো ১০ দিনের রিমান্ডে
ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে আরো পাঁচটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন পুলিশ হেফাজতে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার দুই মহানগর হাকিম মিজানুর রহমান ও শাহরিয়ার মোস্তফা আলাদাভাবে রিমান্ডের আদেশ মঞ্জুর করেন।
মতিঝিলে হেফাজতকাণ্ডে পুলিশকে হত্যা, হত্যা চেষ্টা, আগুন দেয়া ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পল্টন ও নিউমার্কেট থানায় করা এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।
পল্টনের চারটি মামলায় হাকিম মিজানুর রহমান ও নিউমার্কেটের একটি মামলায় শাহরিয়ার মোস্তফা দুই দিন করে মোট ১০ দিন হেফাজতে নেয়ার আদেশ দেন।
সবগুলো মামলাতেই আসামি পক্ষের আইনজীবীদের করা জামিন আবেদন নাকচ করেন এই দুই বিচারক।
হাবিরের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাবিবকে এখন পর্যন্ত ৩৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে ১৬ মামলায় তিনি ২৬ দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।
গত বছরের ৫ জানুয়ারি গাড়ি পোড়ানোর ঘটনায় নিউ মার্কেটে করা মামলাটিতে হাবিবকে আসামি করা হয়েছে।
গত বছরের ৫ মে তারিখে পল্টন থানার মামলাগুলিতে হেফাজতনেতা জুনায়েদ বাবুনগরীসহ বিএনপির কয়েকজন নেতাকেও আসামি করা হয়েছে।
