২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সর্বজনগ্রাহ্য হয়নি: কাদের

বিরোধী দলবিহীন নির্বাচন গ্রহণযোগ্য হয়নি- একথা মানতে নারাজ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ৫ জানুয়ারির এই নির্বাচন সর্বজনগ্রাহ্য হয়নি বলে স্বীকার করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 04:56 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, এটা বলা যাবে না; তবে সর্বজনগ্রাহ্য হয়নি, এটা বলা যায়।”

তবে নির্বাচন সর্বজনগ্রাহ্য না হওয়ার জন্য বিরোধী জোটকেই দায়ী করেন তিনি।

বিরোধী দলের বর্জনের মধ্যে দশম সংসদ নির্বাচনে ১৫৩ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৪৭ আসনে রোববার ভোট হয়, যাতে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

অর্ধেকের বেশি আসনে ভোট না হওয়ায় এবং স্বল্প সংখ্যক ভোটার উপস্থিতির এই নির্বাচন নিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, কমনওয়েলথ হতাশা প্রকাশ করেছে।

জাতিসংঘসহ সবাই এখন সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক সঙ্কটের অবসান ঘটিয়ে সব দলের অংশগ্রহণে নতুন করে নির্বাচনের প্রত্যাশা করেছে।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে, তবে তাদের সহিংসতার পথ ছাড়তে হবে। তারা সহিংসতা ছাড়লে অবশ্যই সংলাপের উদ্যোগ নেয়া হবে। প্রয়োজনের সমঝোতা করে নির্বাচন করা হবে।”

সহিংসতা চললে সরকার আরো কঠোর অবস্থানে যাবে বলে বিরোধী জোটকে হুঁশিয়ার করেন এই মন্ত্রী।

বিএনপির অনুপস্থিতিতে এই নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র দল জাতীয় পার্টি।

নির্বাচনকালীন সরকারের শরিক জাতীয় পাটির অবস্থান কী হবে- জানতে চাইলে আওয়ামী লীগ নেতা কাদের বলেন, “তারা তো মহাজোট ছেড়ে গেছেন। মহাজোটে তারা তো আর নেই।”

নতুন সংসদে বিরোধী দল কে হবে-জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “তারা (জাতীয় পার্টি) চাইলে বিরোধী দলে আসতে পারে।”

একদিন আগেই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন, জাতীয় পার্টি মহাজোটেই থাকবে; যদিও নির্বাচনের দুই মাস আগে সংবাদ সম্মেলন করে মহাজোট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন জাপা চেয়ারম্যান এরশাদ।

মহাজোট ছেড়ে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেও পরে নির্বাচনকালীন সরকারে অংশ নিয়ে ভোটে আসে জাতীয় পার্টি। মনোনয়নপত্র দাখিলের পর ফের নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও এরশাদের হাসপাতালে থাকার মধ্যে ভোটে অংশ নেয় দলটি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পর নির্বাচনকালীন সরকারে অংশ নেয়ায় নতুন সরকারেও জাতীয় পার্টিকে দেখা যাবে কি না- জানতে চাইলে কাদের বলেন, “ঐকমত্যের সরকার তো হতেই পারে।”

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের প্রস্তুতি নিয়ে দলীয় সভানেত্রীর কার্যালয়ে ওই বৈঠক করেন আওয়ামী লীগের নেতারা, যাতে ওবায়দুল কাদের অংশ নেন।

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানকসহ ঢাকা মহানগর এবং আশপাশের জেলাগুলোর নেতা এবং নব নির্বাচিত সংসদ সদস্যরা বৈঠকে অংশ নেন।

‘বোকামি শিগগিরই টের পাবে বিএনপি’