২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান খালেদার

দেশে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়’ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো সোচ্চার ভূমিকা প্রত্যাশা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 01:33 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনের পরদিন সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের প্রতি আমার কিছু বলার আছে।

“দেশের চলমান স্বৈরশাসন জঙ্গিবাদকে আবারো উস্কে দিতে পারে। এই স্বৈরব্যবস্থা শুধু বাংলাদেশে নয়, সমস্ত দক্ষিণ এশিয়ার স্বস্তি ও স্থিতিকে হুমকির মুখে ঠেলে দিতে পারে।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে খালেদা বলেন, “অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রীতিনীতির অবাধ অনুশীলনের পক্ষে বিশ্ববিবেককে আরো সোচ্চার ও সক্রিয় হতে হবে।”

বাংলাদেশের দশম সংসদ নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কমনওয়েলথ ও কানাডা। তারা সংলাপের মধ্যদিয়ে সঙ্কটের সমাধানের প্রত্যাশা জানিয়েছে।

বিএনপি চেয়ারপারসনের পক্ষে গত বছরের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের একটি দৈনিকে প্রকাশিত নিবন্ধে বাংলাদেশের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।

ওই নিবন্ধে বাংলাদেশে ‘গণতন্ত্র বাঁচাতে’ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হলে সেটাকে দেশের বিষয়ে বিদেশি হস্তক্ষেপ আহ্বান হিসেবে নিয়ে তার কড়া সমালোচনা করেন আওয়ামী লীগ নেতারা।

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাত