জয়পুরহাটে বিএনপি অফিসে আগুন
বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও হরতালের মধ্যে নির্বাচনের রাতে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সদর থানার ওসি আব্দুর রশিদ সরকার জানান, রোববার রাতে শহরের রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে পুড়ে ছাই হয়েছে কার্যালয়ের টেবিল, চেয়ার, টিভিসহ বেশকিছু আসবাবপত্র।
এ সময় ১০-১২টি হাতবোমা ফাটানো হয় বলে স্থানীয়রা জানান।
কারা এ আগুন দিয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ।
জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের অভিযোগ, আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরাই গভীর রাতে এ নাশকতা ঘটিয়েছে।
অভিযোগ নাকচ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারা আগুন দিয়েছে এ বিষয়ে তার কোনো ধরাণা নেই। তবে আওয়ামী লীগ এ ধরনের নাশকতার সঙ্গে জড়িত নয়।
নির্দলীয় সরকারের দাবি উপেক্ষা করে সরকারের ‘একদলীয় নির্বাচনের’ প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। পাশাপাশি দেশব্যাপি টানা ৪৮ ঘণ্টার হরতালও করছে তারা।
