২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের উত্তাপ বিদেশেও, পাল্টাপাল্টি সমাবেশ

বিরোধী দলের ভোটকেন্দ্রে হামলা-নাশকতার মধ্য দিয়ে শেষ হওয়া দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটের উত্তাপ সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 07:48 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

৫ জানুয়ারির ভোটে সন্তোষ ও উল্লাস প্রকাশ করে এবং বিপরীতে ‘একদলীয়’ এই নির্বাচন প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রে পাল্টাপাল্টি সমাবেশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপির সমর্থকরা।

এই নির্বাচনকে ‘বাংলাদেশের গণতন্ত্রের বিজয়’ আখ্যা দিয়ে আগামী সংসদের শুরুতেই জামায়াতে ইসলামি ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থকরা।

একইসঙ্গে ভোট প্রত্যাখানে খালেদা জিয়া ও তারেক রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ভোটাররা সাড়া দেয়নি বলেও উল্লেখ করেন তারা।

দেশে ভোট চলাকালে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে সুগন্ধাসহ জ্যাকসন হাইটসের বেশ কয়েকটি রেস্টুরেন্টে সমাবেশে এসব কথা বলেন তারা।

মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, অঙ্গরাজ্য আওয়ামী লীগ, গণজাগরণ মঞ্চ, ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ ও মুক্তিযোদ্ধা যুবকমান্ডের ব্যানারের এসব কর্মসূচি হয়।

বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের নূরনবী কমান্ডার, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এন আমিন ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী।

এছাড়া বস্টন, ফিলাডেলফিয়া, আটলান্টিক সিটি, মায়ামি, আটলান্টা, লসএঞ্জেলেস, ডেট্রয়েট ও শিকাগোতেও সমাবেশে করেছেন আওয়ামী লীগ সমর্থকরা।

অন্যদিকে ভোটের দিনে নির্বাচন প্রত্যাখ্যান করে আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে বিএনপির যুক্তরাষ্ট্র শাখার তিন খণ্ড।

তারেক রহমানের নির্দেশের পরেও বিভক্তির অবসান না হওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ৩ ভাগে বিভক্ত হয়ে দলীয় কর্মকাণ্ড চালাচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি।

রোববার ভোটের দিনে হোয়াইট হাউজের সামনে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আত্মীয় শরাফত হোসেন বাবুর নেতৃত্বে একটি সমাবেশ হয়।

এতে নির্বাচন প্রত্যাখ্যানসহ সরকারবিরোধী নানা স্লোগানসম্বলিত ব্যানার নিয়ে শতাধিক বিএনপি সমর্থক সমবেত হন।

এসময় লন্ডন থেকে তারেক রহমানের দেয়া ভিডিও ভাষণকে স্বাগত জানিয়ে তারা সরকার পতনের সর্বাত্মক আন্দোলনের প্রতি সমর্থন জানান।

এর আগে নিউইয়র্কে জাতিসংঘের সামনে একই দাবিতে মানববন্ধন করেছে মুজিবুর রহমান মজুমদার, জাহিদ এফ সর্দার সাদী ও আকতার হোসেন বাদলের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপির অপর অংশ।

একইদিন জ্যাকসন হাইটসে আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে বিএনপির অপর অংশের বিক্ষোভ হয়।

একদলীয় নির্বাচন বাতিল দাবিতে বিকালে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু। পরিচালনা করেন নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির উপদেষ্টা জসিম উদ্দিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম ও যুক্তরাষ্ট্র জাসাসের সিনিয়র সহ সভাপতি রিয়াজ চৌধুরী।

সমাবেশের পর স্টেট ডিপার্টমেন্টে একটি স্মারকলিপি দেন বিএনপি নেতারা।