২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতা ঢাকতে অপপ্রচারে বিএনপি: শহীদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে রাষ্ট্রপতি এবং স্পিকারের সঙ্গে দেখা করে বিরোধী দল ‘বিভ্রান্তিমূলক অপপ্রচার’ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 03:25 PM

Updated : 22 Aug 2022, 05:26 PM

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার করছে। তাদের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত।”

শুক্রবার বিকেলে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির সাংসদরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলেন, তাদের নেত্রীকে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে। বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে দেখা করেও একই অভিযোগ করেন তারা।

গত ২৯ ডিসেম্বর থেকে খালেদা জিয়া কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। কর্মসূচিতে বের হতে দেয়া হয়নি তাকে। তার সঙ্গে দখো করার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে পুলিশ।

প্রধান হুইপ শহীদ বলেন, “বিরোধীদলীয় নেত্রী বলেছিলে সরকার অবৈধ, সংসদ অবৈধ। আবার তারাই স্পিকারের কাছে অভিযোগ করছে। এটা তাদের স্ববিরোধি অবস্থান।

“রাজনৈতিক দৈন্যকে লুকানোর জন্য তারা (বিএনপি) শাক দিয়ে মাছ ঢাকার নীতি অবলম্বন করছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া আটক, অন্তরীণ বা গৃহবন্দি নন। তার স্পষ্ট কথার পরও বিএনপি সত্যের অপলাপ করছে।”

গত রোববার গুলশানের বাড়ির সামনে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে শহীদ বলেন, “তিনি আমাদের সকলের শ্রদ্ধেয়। কিন্তু তার মুখ থেকে যে বক্তব্য শুনতে হয়েছে তা অশালীন।”