২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের পর ব্যবস্থা: হাছান

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন করে নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনকালীন সরকারের বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 07:03 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণসভায় তিনি এ কথা বলেন।

ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “নির্বাচনের পর সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চান বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

খালেদা জিয়া ও তারেক রহমান কেউই রাজনৈতিক সমঝোতা চান না বলেও দাবি করেন তিনি।

বিরোধী দলের বর্জনের মধ্যেই আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে।

সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

নির্দলীয় সরকার দাবিতে নির্বাচন বর্জনের পাশাপাশি প্রতিহতেরও ডাক রয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই দলের নেতাদের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও শেষ পর্যন্ত তা সফলতার মুখ দেখেনি।

বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ওই সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সময়মতো সংসদ নির্বাচন হবে। কেউ এটা বাধাগ্রস্ত করতে পারবে না।”

প্রধান বিরোধী দল বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “বিএনপিকে বারবার সন্ত্রাসের পথ পরিহার করতে বললেও তারা কথা শুনেনি। যদি আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সমঝোতা করে তবে দেশের মানুষ কোনদিন তাদের ক্ষমা করবে না।”

স্মরণসভায় সভায় অন্যদের মধ্যে বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ূন কবির মিজি, কেন্দ্রীয় নেতা চিত্তরঞ্জন দাস, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।