২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রাণ নেই নির্বাচনী প্রচারে

দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতেই একক প্রার্থী নির্বাচিত যাওয়ায় বাকি সিলেটে নির্বাচনী প্রচার উত্তাপ হারিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 03:03 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

প্রতিদ্বন্দ্বি না থাকায় এবার সিলেট-১ আসনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট-৩ আসনে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৫ আসনে সেলিম উদ্দিন ও সিলেট-৬ আসনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে সেলিম উদ্দিন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, বাকিরা আওয়ামী লীগের।

সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান।

বর্তমান সাংসদ শফিকুর রহমান চৌধুরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ এই আসনটি ছেড়ে দিয়েছে জাতীয় পার্টিকে।

ফলে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীবিহীন এ আসনে ভোটারদের মধ্যেও নেই কোনো সাড়া।

ভোটারদের আগ্রহ কম থাকায় প্রার্থীরাও প্রতিদিন দুই-একটি উঠান বৈঠক বা গণসংযোগ ও সভা করেই প্রচারের দায় সারছেন।

বালাগঞ্জের দয়ামীর এলাকার বৃদ্ধ অছকির আলী বলেন, “এ নির্বাচন কেবল প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য। এতে ভোটারদের কোন মূল্য নেই।”

সিলেট-২ আসনে দুই প্রার্থীই সর্বদলীয় সরকারের সমর্থক হওয়ায় তিনি ভোট দিতে যাবেন না বলে জানান।

তবে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে কাজ করে যাচ্ছেন দুই প্রার্থীই।

স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান বলেন, “আশা করছি ৭০ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে আসবেন।”

তবে সরকারি দলের নেতাকর্মীদের হুমকি-ধমকি আর ‘কৌশলে’ জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করার ঘোষণায় ভোটাররা ভোটকেন্দ্রে যেতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ তার।

জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী অবশ্য বলছেন, বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের হুমকি তেমন একটা কাজে আসেনি। তাই ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন।

সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ ইমরান আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।

দুই প্রার্থী একই দলের হওয়ায় ভোটারদের মধ্যে উদ্দীপনা নেই। প্রার্থীরা প্রতিদিন সভা-সমাবেশ করেও তাদের উজ্জীবিত করতে পারছেন না।

গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল গ্রামের কামাল আহমদ জানান, একতরফা এ নির্বাচন শেষ পর্যন্ত বৈধতা পাবে কি-না তা নিয়ে ভোটারদের মধ্যে সংশয় রয়েছে।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমদ নানা কৌশলে বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করছেন।

তবে ইমরান আহমদ এই অভিযোগ নাকচ করে বলেন, “জনগণ যাকে ভোট দেবে সে-ই বিজয়ী হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।”

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ভোটের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি ভোটারদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে ভোট সুষ্ঠু হবে।”

সিলেট-২ আসনে ২ লাখ ৮৪ হাজার ২৭০ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৪১ হাজার ৭১৮ এবং মহিলা ১ লাখ ৪২ হাজার ৫৫২। ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৯টি।

সিলেট-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৯০০, যার মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৮১৫ এবং মহিলা ১ লাখ ৬১ হাজার ৮৫। ভোটকেন্দ্র সংখ্যা ১১৪টি।