২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতা হলেই আবার নির্বাচন: মুহিত

৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর সমঝোতার ভিত্তিতে যেকোনো সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 02:23 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার সকালে সিলেটের কাজিরবাজার সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

নির্বাচনের পর সরকারের মেয়াদ পাঁচ বছর হবে কি না সে বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, “না, পাঁচ বছরতো আমরা বলি নাই। আমরা বলছি যে এই নির্বাচনে সব দলের ‘পার্টিসিপেশন’ হয় নাই। সুতরাং আমরা চাই আরেকটি নির্বাচন।”

বিরোধী দলকে উদ্দেশ্য করে অর্থমন্ত্রী বলেন, “আসেন, বসেন, কথা বলেন এবং সে অনুযায়ী নির্বাচনের তারিখও দেই নাই আমরা। কালকেও হতে পারে, মানে ২৪ (জানুয়ারি) এর পরেও হতে পারে। নতুন সরকারের ‘সোয়েরিং’য়ের পর যে কোনো সময় হতে পারে। ”

৫ জানুয়ারির নির্বাচনের বৈধতা নিয়ে তিনি বলেন, “কেন বৈধতা পাবে না? ২৪ তারিখের মধ্যে নির্বাচন হওয়া উচিত, নির্বাচন হচ্ছে। নির্বাচনে এক দল ‘পার্টিসিপেট’ না করলে নির্বাচন হয় না- এটা কোনোদিনই ঠিক না। তবে, সকলের ‘পার্টিসিপেট’ করা উচিত।”

বিএনপির অংশগ্রহণ ছাড়া অপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনকে ‘সুন্দর না’ বলে উল্লেখ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।

তিনি বলেন, “তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। বলছি তাদের, আসেন একটা সুন্দর নির্বাচনের জন্য আপনারা বসেন। এখন আপনাদের জন্য অপেক্ষা করে বসে থাকলেতো আমরা আর সংবিধান মানতে পারব না।”

মুহিত বলেন, “আমার কথাটা হলো, খালেদা জিয়া এবং উনার দল সংবিধান মানতে চান না। উনাদের জন্মই হয়েছে অসাংবিধানিকভাবে।”

এসময় সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।