খালেদার নিরাপত্তা নিয়ে বিএনপির উদ্বেগ
গুলশানে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দলীয় চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিরোধী দলের টানা অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর অভিজাত এলাকা গুলশানে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
ওই এলাকায়ই খালেদা জিয়ার বাড়ি, যেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছে। বিএনপি নেতারা বলছেন, তাদের নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
আওয়ামী লীগের ‘দুষ্কৃতকারীরাই’ ওই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দাবি করে দলীয় প্রধানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বৃহস্পতিবার রাতে বিবৃতি পাঠিয়েছেন ফখরুল।
তিনি বলেন, “বিরোধীদলীয় নেতার বাসভবন লক্ষ্য করে শত শত র্যাব-পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যে আওয়ামী দুষ্কৃতকারী কর্তৃক কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর নাকের ডগার ওপর এরকম বোমা হামলার ঘটনা নিঃসন্দেহে জাতিকে স্তম্ভিত করেছে।
“এই ধরনের বোমা হামলার ঘটনার পর এখনো কোনো দুষ্কৃতকারী গ্রেপ্তার না হওয়া ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিরবতায় বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা ও তার জীবনের চরম ঝুঁকি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।”
গুলশানে আমেরিকান ক্লাব ও একটি পার্কের কাছের সড়কে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণস্থল থেকে বিএনপি চেয়ারপারসনের বাড়ি কিছুটা দূরে।
পুলিশ বিস্ফোরণকারীদের ধাওয়া করেও ধরতে পারেনি বলে জানান ওসি। তিনি বলেন, ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ফখরুল বলেন, “আমরা বলে দিতে চাই, এহেন কর্মকাণ্ডে উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য সরকারকেই সমস্ত দায়-দায়িত্ব বহন করতে হবে। এসব সন্ত্রাসী হামলা ও উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে চলমান আন্দোলনকে কোনোভাবেই ব্যর্থ করা যাবে না।”
আগামী ৫ জানুয়ারি নির্বাচন বর্জন করে তা ঠেকাতে টানা অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। তার মধ্যেও নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।
গুলশানে বোমাবাজি, পুরান ঢাকায় বাসে আগুন
স্পিকারের হস্তক্ষেপ চাইলেন বিএনপির সাংসদরা
লজ্জা থাকলে বিদায় নিন: খালেদা
