আসুন সমঝোতার পথে: বিএনপি
বিরোধী দলবিহীন নির্বাচনের পথ থেকে সরে আসতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
নির্বাচন ঠেকাতে টানা অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়ে তা না হলে দেশে গৃহযুদ্ধ বাঁধবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক।
ভোটের তিন দিন আগে নিরুত্তাপ অবরোধের মধ্যে গুলশানে নিজের বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন বিএনপির এই নেতা।
দলীয় কার্যালয় ও চেয়ারপারসনের কার্যালয় অবরুদ্ধ থাকার কারণে বাড়িতে এই সংবাদ সম্মেলন বলে বিএনপি নেতারা জানান।
ওসমান ফারুক বলেন, “এই প্রহসনের নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নেই। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে। এরপরও প্রধানমন্ত্রী একগুয়েমির পথ থেকে সরে আসছেন না।
“ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীকে বলব, এখনো সময় আছে, ৫ জানুয়ারির ভোট বন্ধ করুন। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের ব্যবস্থা নিন।”
বিএনপি নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে রয়েছে। তাদের সেই দাবি উপেক্ষিত হওয়ায় ভোট বর্জন করে অবরোধ ডেকেছে তারা। বিরোধী দলবিহীন নির্বাচনে ১৫৩ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
সাবেক মন্ত্রী ওসমান ফারুক সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে বলেন, “ক্ষমতাকে চিরস্থায়ী করতে সরকার ভোটারবিহীন এই নির্বাচন করছে। ক্ষমতার দম্ভে আজ তারা অন্ধ ও বধির। সব রাজনৈতিক দল একদিকে, আর আওয়ামী লীগ অন্যদিকে।”
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান।
“প্রধানমন্ত্রী গতকাল ঢাকায় এক নির্বাচনী সভায় তার স্বভাবসুলভ বাচনভঙ্গীতে বিরোধীদলীয় নেতাকে কটাক্ষ করে বলেছেন, কর্মসূচি দিয়ে বিরোধীদলীয় নেতা ঘরে বসে মুরগির স্যুপ খান। প্রধানমন্ত্রীর এই বক্তব্য মিথ্যাচার।”
“জনগণ তার কাছে জানতে চায়, বিরোধীদলীয় নেতাকে শত শত পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থার লোকজন ও বালিভর্তি ট্রাক দিয়ে দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে অবরুদ্ধ করে রাখলে তার (বিরোধীদলীয় নেতা) কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ কোথায়।”
“আমরা বলতে চাই, বনের সিংহকে খাঁচায় বন্দি করে ঢিল মারা যত সহজ, মুক্ত সিংহের সঙ্গে পাঞ্জা লড়া তত সহজ নয়।’’
বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের এই চিত্র গত কয়েক দিন ধরেই।
সরকারের কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও দাবি করেন বিশ্বব্যাংকের সাবেক এই কর্মকর্তা।
“যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি নামক একটি সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, এমন ১০টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা বলেছে, বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।”
বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে বুধবার রাতে চাঁদপুরে ফারুক হোসেন পাটোয়ারী নামে এক কর্মী বিজিবির গুলিতে নিহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ওসমান ফারুক বলেন, “সারাদেশে অসংখ্য নেতা-কর্মীর ওপর নির্যাতন-হামলা ও গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে শত বাধা-বিপত্তি সত্ত্বেও সারাদেশে অবরোধ কর্মসূচি জনগণ স্বতস্ফূর্তভাবে পালন করছে।”
সংবাদ সম্মেলনে ওসমান ফারুকের সঙ্গে বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহিন ছিলেন।
লাগাতার অবরোধের ডাক ১৮ দলের
সবাইকে ঢাকায় ডাকলেন খালেদা, ভোট রুখতে আহ্বান
